পাকিস্তানের প্রত্যাঘাত ‘দুঃখজনক’! ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুলল চিন, কী বলল বেজিং?

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত ভারতের এই সামরিক অভিযান নিয়ে এবার অবশেষে মুখ খুলল পাকিস্তানের অন্যতম ‘বন্ধু’ চিন। বেজিং এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে এবং উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে।
বুধবার চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র সাংবদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের মাটিতে ভারতের সেনা প্রত্যাঘাত নিয়ে চিনের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘‘ভোররাতে পাকিস্তানে ভারতের সেনা হামলার ঘটনা চিনের কাছে দুঃখজনক৷ যা হচ্ছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন৷ ভারত এবং পাকিস্তান একে অপরের প্রতিবেশী৷ তারা চিনেরও প্রতিবেশী৷ চিন যে কোনও রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধী৷’’ চিনের মুখপাত্র উভয়পক্ষের কাছে বৃহত্তর স্বার্থে শান্তি ও স্থায়িত্বের আবেদন জানিয়ে বলেন, আর যাতে পরিস্থিতি জটিল না হয়, তা নিশ্চিত করতে শান্তি বজায় রাখা উচিত দু’পক্ষেরই৷
তবে সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের অন্যতম ‘বন্ধু’ চিন একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে তৎপর হয়েছে। জানা গিয়েছিল, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত ২৭ এপ্রিল চিনের শীর্ষস্থানীয় কূটনীতিক ওয়াং ই-কে ফোন করে পহেলগাঁও পরবর্তী বিষয় নিয়ে কথা বলেছিলেন। পাকিস্তানে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সাথেও দেখা করেছেন এর মধ্যে। এই কূটনৈতিক তৎপরতার পরই চিনের এই প্রতিক্রিয়া সামনে এল।
ভারতের সেনা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টা বেজে ৫ মিনিট থেকে পরবর্তী ২৫ মিনিটে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টা জায়গায় এয়ার টু সারফেস মিসাইল হামলা চালিয়েছে ভারত। হামলা চালানো হয়েছে জইশ-ই-মহম্মদ (জেইএম), লস্কর-ই-তৈবা (এলইটি) এবং হিজবুল মুজাহিদিন (এইচএম) জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি লক্ষ্য করে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলায় কমপক্ষে ১২ জন জঙ্গির মৃত্যু হয়েছে।
তবে সূত্রের দাবি, এই হামলায় জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের কমপক্ষে ১০ জন সদস্যের মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
অপারেশন সিঁদুর নিয়ে বুধবার সকালেই নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তাঁর সঙ্গে ছিলেন উইং কম্যান্ডার ভ্যমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি। সাংবাদিক বৈঠকে ভারত স্পষ্ট জানিয়েছে, এই অভিযানে কোনও মিলিটারি বিল্ডিংকে টার্গেট করা হয়নি এবং সাধারণ মানুষেরও মৃত্যু হয়নি ভারতের অপারেশন সিঁদুরে। পাশাপাশি, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘পাকিস্তানের কোনও কাজ যদি পরিস্থিতি আরও খারাপ করে তোলে, তার জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারত’।
সব মিলিয়ে, ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চিনের এই প্রতিক্রিয়া একদিকে যেমন সন্ত্রাসবাদের বিরোধিতার কথা বলছে, তেমনই দুই প্রতিবেশী দেশকে শান্তি বজায় রাখারও আহ্বান জানিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে মাসুদ আজহারের পরিবারে প্রাণহানির যে দাবি সূত্রের মাধ্যমে উঠে আসছে এবং পাকিস্তানের তরফেও সাধারণ নাগরিক মৃত্যুর যে দাবি করা হয়েছে, তা নিয়ে জল্পনা ও উদ্বেগ অব্যাহত রয়েছে।