মেট গালায় শাহরুখকে চেনেননি উপস্থাপিকা, অতঃপর…যা ঘটলো? খবরে ক্ষুব্ধ ভক্তরা

বলিউড বাদশাহ শাহরুখ খান ৫৯ বছর বয়সে বহু প্রতীক্ষিত মেট গালায় অভিষেক করেছেন। ২০২৫ সালের মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন কিং খান। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাকে তার রাজকীয় স্টাইল মুগ্ধ করেছে নিউইয়র্কের এই বিখ্যাত ফ্যাশন ইভেন্টকে। তবে এই গ্ল্যামারের জাঁকজমকের মধ্যেই একটি অপ্রত্যাশিত বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেড কার্পেটে দাঁড়িয়ে একজন উপস্থাপক নাকি বলিউড বাদশাকে চিনতেই পারেননি!
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শুরু হওয়া এই বহু প্রতিক্ষীত ইভেন্টে ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে সব্যসাচীর পোশাকে উপস্থিত হন শাহরুখ। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে এই আয়োজনে তার উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বাদশাহী স্টাইলে তার মেট গালা অভিষেক যেন কিং খানের ভক্তদের আবারও নব্বইয়ের দশকের সেই নস্ট্যালজিয়ায় ফিরিয়ে নিয়ে গেছে।
তবে বিতর্কটি তৈরি হয় রেড কার্পেটে দাঁড়ানো এক উপস্থাপকের সঙ্গে শাহরুখের কথোপকথনের সময়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই উপস্থাপক নাকি বলিউড বাদশাকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজেই অত্যন্ত স্বাভাবিকভাবে নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’
শুধু তাই নয়, ইন্টারভিউ নিতে গিয়ে শাহরুখকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, ‘অনুষ্ঠানে এসে কেমন লাগছে?’ এমন প্রশ্ন শুনে অনেক দর্শক এবং ভক্ত আহত হয়েছেন। তাদের মতে, এই ধরনের প্রশ্ন শুনে মনে হয়েছে যে উপস্থাপকরা শাহরুখকে বলিউডের কোনো ছোটখাটো স্টার ভেবেছেন, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতার প্রতি চরম অবহেলা।
তবে পুরো বিষয়টি বুঝতে পেরেও শাহরুখ তার স্বাভাবিক হাসিমুখে সব সময় শান্তভাবে উত্তর দিয়ে গেছেন। পরিস্থিতি কিছুটা সামাল দিতে সঙ্গে থাকা পোশাক শিল্পী সব্যসাচী মুখার্জি নিজেই এগিয়ে এসে বলে ওঠেন যে, শাহরুখ ‘বিশ্বের সব থেকে বিখ্যাত পুরুষদের মধ্যে একজন’ এবং তিনি যখন হোটেল থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেরিয়ে আসেন, তখন তাকে ঘিরে ধরেন ভক্তরা। সব্যসাচীর মুখে এই কথা শুনে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা রীতিমতো অস্বস্তিতে পড়ে যান।
এই পুরো ঘটনাটিকে মোটেও ভালোভাবে নেননি শাহরুখের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও একজন উপস্থাপক তাকে চিনতে পারেননি, এই কারণে গ্লোবাল মিডিয়া এবং সংশ্লিষ্ট উপস্থাপককে তুলোধোনা করেছেন তারা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শাহরুখের ভক্তদের ক্ষোভে ভরে উঠেছে এবং তারা এই ঘটনাকে ‘অপেশাদারিত্ব’ বলে আখ্যা দিয়েছেন।
সামগ্রিকভাবে, ৫৯ বছর বয়সে শাহরুখ খানের মেট গালা অভিষেক নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। তার রাজকীয় উপস্থিতি এবং স্টাইল প্রশংসিত হয়েছে। তবে রেড কার্পেটে তাকে চিনতে না পারার এই অপ্রত্যাশিত মুহূর্তটি বিতর্কের জন্ম দিয়েছে, যা একই সাথে শাহরুখের বিনয় এবং তার ভক্তদের ভালোবাসা ও সমর্থনের গভীরতাকে আবার প্রমাণ করেছে।