ফুটবল ক্যালেন্ডারে বড়সড় বদল, মরশুমের শুরুতে ফিরছে ফেডারেশন কাপ

নতুন ফুটবল মরশুমের আগে ভারতীয় ফুটবলের ক্যালেন্ডারে এক উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সদ্য শেষ হয়েছে ২০২৪-২৫ মরশুম, যা সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এবং সুপার কাপ দিয়ে। এখন সবার চোখ নতুন মরশুমের দিকে। বিগত কয়েক বছর ধরে যেখানে ডুরান্ড কাপ দিয়ে ভারতীয় ফুটবল মরশুমের সূচনা হতো, এবার সেই চিরাচরিত প্রথা ভাঙতে চলেছে।
সুপার কাপের কোনো নির্দিষ্ট সময়সূচী ছিল না – কখনো মরশুমের মাঝে (২০২৩-২৪ মরশুমে জানুয়ারিতে) আবার কখনো একেবারে শেষে (২০২৪-২৫ মরশুমে) অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। দলগুলির তরফেও সুপার কাপ নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছিল না। আইএসএল ও আই লিগের ধকল সামলানোর পর দলগুলি সুপার কাপকে সেভাবে গুরুত্ব দিচ্ছিল না, যার উদাহরণস্বরূপ সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে চার্চিল ব্রাদার্সের নাম তুলে নেওয়া, মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় সারির দল পাঠানো এবং মহামেডান স্পোর্টিংয়ের জোড়াতালির দল নিয়ে খেলা উল্লেখযোগ্য। এর ফলে ১৫ দলের সুপার কাপটি নকআউট ফরম্যাটে শেষ করতে হয়, যেখানে এফসি গোয়া চ্যাম্পিয়ন হয় জামশেদপুর এফসি-কে হারিয়ে।
এই প্রেক্ষাপটে, সুপার কাপ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা ফেডারেশন আর দেখছে না। তাই এআইএফএফ সর্বসম্মতভাবে সুপার কাপকে বাতিল করে ফুটবল ক্যালেন্ডারে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত সেপ্টেম্বর মাস থেকে এদেশে ফুটবল মরশুম শুরু হয়। এতদিন ডুরান্ড কাপ যেহেতু মরশুমের শুরুতে হত, তাই অংশগ্রহণকারী দলগুলি এটিকে কেবল প্রাক-মরশুম প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখত। তখনও বেশিরভাগ দলের প্রাক-মরশুম প্রস্তুতি সম্পূর্ণ হত না এবং বিদেশি ফুটবলাররাও যোগ দিতেন না, ফলে দ্বিতীয় সারির দল নামানোই দস্তুর ছিল।
এবার এই চিত্র বদলাবে। এআইএফএফ মরশুমের প্রথম টুর্নামেন্ট হিসেবে ফিরিয়ে আনছে ঐতিহ্যবাহী ফেডারেশন কাপকে, যা সর্বশেষ আয়োজিত হয়েছিল ২০১৮ সালে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেডারেশন কাপ জয়ী দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফে খেলার ছাড়পত্র পাবে। মরশুমের শুরুতেই এএফসি খেলার সুযোগ থাকায় দলগুলো এখন ফেডারেশন কাপে পূর্ণ শক্তির দল নামাতে বাধ্য হবে বলেই আশা করা হচ্ছে।
নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মরশুমে ফুটবল শুরু হবে ফেডারেশন কাপ দিয়ে, এরপর চলবে আইএসএল এবং আই লিগ, এবং সবশেষে ডুরান্ড কাপ দিয়ে মরশুমের সমাপ্তি হবে। যদিও এই পরিবর্তনে কিছু নতুন সমস্যাও তৈরি হতে পারে। এর ফলে কলকাতা লিগ আয়োজন বেশ চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, আইএফএ শিল্ডের আয়োজন এবং সেখানে প্রধান দলের অংশগ্রহণও প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে, ভারতীয় ফুটবল এক নতুন ক্যালেন্ডারের দিকে এগোচ্ছে যার ভালো-মন্দ দুটো দিকই রয়েছে।