উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ আগুন, ১ কিমি দূর থেকেও দেখা গেল কালো ধোঁয়া, দেখুন ভিডিও

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত হিন্দুদের অন্যতম পবিত্র স্থান মহাকালেশ্বর মন্দিরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মন্দিরের গুরুত্বপূর্ণ অংশ শঙ্খ দ্বারের ঠিক ওপরের অংশে এই আগুন লাগে, যা দ্রুত দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর থেকে সৃষ্ট কালো ধোঁয়া প্রায় এক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

অগ্নিকাণ্ডের খবর মন্দির কর্তৃপক্ষ জানতে পারা মাত্রই দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও ব্যক্তি হতাহত হননি, যা একটি বড় স্বস্তির বিষয়। মন্দির প্রাঙ্গণে দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

কী কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রথমিকভাবে মনে করা হচ্ছে, মন্দিরের সিসিটিভি কন্ট্রোল রুমের ঠিক ওপর রাখা ব্যাটারি থেকেই সম্ভবত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।