২.৫ কোটি ঘুষ চেয়েছিলেন! টাকা নিতে গিয়ে রাজস্থানের বিধায়ক গ্রেফতার

জনগণের প্রতিনিধি। কাজ বিধানসভায় জনস্বার্থের প্রশ্ন তোলা। কিন্তু সেই প্রশ্নকেই ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা কামানোর অভিযোগ উঠল খোদ এক বিধায়কের বিরুদ্ধে। ঘুষের অঙ্ক নেহাত কম ছিল না – চেয়েছিলেন ১০ কোটি টাকা! শেষমেশ ফাঁদ পাতল দুর্নীতি দমন ব্যুরো (ACB)। আর সেই ফাঁদে পা দিয়ে আড়াই কোটির ঘুষের একাংশ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হলেন রাজস্থানের ভারত আদিবাসী পার্টি (BAP)-এর বিধায়ক জয়কৃষ্ণ প্যাটেল।

ঘটনাটি রাজস্থানের বাগিদৌরা কেন্দ্রের বিধায়ক জয়কৃষ্ণ প্যাটেলকে কেন্দ্র করে। এসিবি সূত্রে খবর, এক খনি ব্যবসায়ী গত ৪ এপ্রিল অভিযোগ করেন যে বিধায়ক বিধানসভায় খনি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন (৬২৮, ৯৫০ ও ৯৫৮ নং) তুলেছিলেন। পরে সেই প্রশ্নগুলি সরাতে তিনি ১০ কোটি টাকা দাবি করেন। বহু আলোচনার পর শেষ পর্যন্ত ২.৫ কোটি টাকায় রফা হয়।

এসিবি ডিজি ডঃ রবি প্রকাশ মেহরদা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই এসিবি সক্রিয় হয় এবং বিধায়ককে ধরতে ছক কষা হয়। পরিকল্পনা অনুযায়ী, ঘুষের প্রথম কিস্তি হিসেবে এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল আগেই। সেই থেকেই বিধায়কের উপর নজরদারি শুরু করে এসিবি। যাবতীয় কথোপকথন ও লেনদেনের অডিও-ভিডিও প্রমাণ সংগ্রহ করা হয়।

শেষ চাল হিসেবে জয়পুরে বিধায়কের বাসভবনে ২০ লক্ষ টাকার একটি কিস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার দিন জয়কৃষ্ণ নিজে জয়পুর পৌঁছন। গোয়েন্দারা আগে থেকেই তৈরি ছিলেন। এক ব্যক্তি বিধায়কের হয়ে টাকার ব্যাগটি সংগ্রহ করেন এবং সেটি তাঁর কাছে পৌঁছে দেন। ঠিক সেই সময়েই এসিবি আধিকারিকরা হানা দেন এবং ঘুষের টাকা হাতে জয়কৃষ্ণ প্যাটেলকে হাতেনাতে ধরে ফেলেন।

এসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘুষের টাকায় বিশেষ রাসায়নিক কালি লাগানো ছিল। টাকা নেওয়ার সময় বিধায়কের আঙুলে সেই কালির ছাপ পাওয়া গেছে। টাকার ব্যাগ সংগ্রহ করা ব্যক্তিটি যদিও ফেরার, তার টাকা বহনের ভিডিও রেকর্ডিং এসিবির কাছে রয়েছে।

গ্রেফতারের পর বিধায়ককে জেরা করা হচ্ছে। এসিবি মনে করছে, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে এবং এটি ক্ষমতার অপব্যবহার ও সংগঠিত অপরাধের অংশ হতে পারে। ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানির কাছে মামলার অনুমতি চেয়ে আবেদন করেছে এসিবি।

জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে বড়সড় ধাক্কা দিয়েছে। এই ঘটনা ফের একবার প্রমাণ করল যে দুর্নীতির জাল কতটা গভীরে ছড়িয়ে পড়তে পারে।