ভারতকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা! ২ পাক ‘গুপ্তচর’ গ্রেফতার হতেই পোল খুলে গেল ISI-র

ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা! সাধারণ মানুষের ভিড়ে মিশে ভারতীয় সেনার গতিবিধির উপর গোপনে নজরদারি চালানোর অভিযোগে পঞ্জাবের অমৃতসরে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এদের পাকিস্তানি গুপ্তচর বলেই সন্দেহ করছে। অভিযোগ, এরা ছদ্মবেশে ভারতীয় সেনা ছাউনিগুলির ছবি ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে পাচার করছিল।

ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অমৃতসর পুলিশের তৎপরতায় আইএসআইয়ের একটি সম্ভাব্য বড়সড় নেটওয়ার্ক ভেস্তে গেছে বলে মনে করা হচ্ছে। ধৃত দুই ব্যক্তির নাম পলক শের মসীহ এবং সুরজ মসীহ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে মামলা রুজু করে জোরদার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে, ধৃত পলক ও সুরজের সঙ্গে বর্তমানে অমৃতসর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা এক অপরাধী হরপ্রীত সিং ওরফে পিট্টু/হ্যাপির যোগাযোগ ছিল। এই হ্যাপি কীভাবে তাদের এই কাজে সাহায্য করত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গোয়েন্দাদের প্রধান উদ্বেগ হলো, ধৃতেরা দেশের অত্যন্ত স্পর্শকাতর সামরিক এলাকাগুলির ছবি তুলতে সক্ষম হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর পিছনে সরাসরি পাকিস্তানের আইএসআইয়ের হাত থাকার সম্ভাবনাই জোরালো হচ্ছে। অনেকেই মনে করছেন, এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের নিরাপত্তা কাঠামোয় আঘাত হানার একটি পরিকল্পিত ছক।

উল্লেখ্য, কয়েদিন আগেই রাজস্থানের ভারত-পাক সীমান্তে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেখানে পাঠান খান নামে এক ব্যক্তিকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সে ভারতীয় সেনার ছবি ও ভিডিয়ো তুলে পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিল। জয়সালমীর পুলিশ, সিআইডি ও ইন্টেলিজেন্স ব্যুরোর যৌথ অভিযানে সে ধরা পড়েছিল। এবার পঞ্জাবেও প্রায় একই অভিযোগ সামনে আসায় দেশের সীমান্ত সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।