রিজেন্ট পার্কে প্রোমোটারের দাদাগিরি! খেলার বল ফ্ল্যাটে যাওয়ায় কিশোরদের বাঁশপেটা, গুরুতর জখম ২

খেলার বল ফ্ল্যাটে যাওয়ায় কয়েকজন কিশোরকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার এই ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই কিশোর সহ বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকায় একটি মাঠে কয়েকজন কিশোর খেলা করছিল। খেলার সময় তাদের বল আচমকা পাশে থাকা একটি আবাসনের এক প্রোমোটারের ফ্ল্যাটের মধ্যে চলে যায়। বলটি আনতে গেলে ওই প্রোমোটার কিশোরদের বাধা দেন এবং বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসার মধ্যেই ওই প্রোমোটার একটি বাঁশ দিয়ে ওই কিশোরদের বেধড়ক মারধর শুরু করেন।
প্রোমোটারের মারে বেশ কয়েকজন কিশোর জখম হয়। তাদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
এই ঘটনার পরেই আহত কিশোরদের পরিবারের পক্ষ থেকে রিজেন্ট পার্ক থানায় ওই প্রোমোটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করে।
পুলিশ ধৃত প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। বল যাওয়া নিয়ে কেন প্রোমোটার এতটা উত্তেজিত হয়ে কিশোরদের উপর এমন হামলা চালালেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় প্রোমোটারের এই ধরনের আচরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।