“জঙ্গিদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত, তবে…’,ভারতকে ‘সাবধানী’ হওয়ার পরামর্শ জেডি ভ্যান্সের

কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতকে ‘সাবধানী’ হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যেন এমনভাবে প্রতিক্রিয়া না জানায় যাতে গোটা অঞ্চলে বড় সংঘাত তৈরি হয়। একইসঙ্গে, তিনি আশা প্রকাশ করেছেন যে পাকিস্তান এই হামলার তদন্তে ভারতের সঙ্গে সহযোগিতা করবে এবং জঙ্গিদের খুঁজে বের করবে।
পহেলগাঁও হামলার পর এই প্রথম মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুললেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বাইয়ার’ অনুষ্ঠানে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি তিনি সপরিবার চারদিনের সফরে ভারত এসেছিলেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের বিশ্বাস, ভারত এমনভাবে এই জঙ্গি হামলার জবাব দেবে যাতে, এই বৃহত্তর অঞ্চলে বড় কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়।”
তিনি আরও বলেন, “পাকিস্তান, যদি এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে, তবে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা করে। পাকিস্তানে থাকা জঙ্গিদের যেন খুঁজে বের করা হয়। পাকিস্তানের থেকে এটুকুই আশা করব।”
উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের ভারত সফরের সময়ই কাশ্মীরের পহেলগাঁওতে এই নারকীয় হামলা ঘটে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই ছিল সবচেয়ে বড় প্রাণঘাতী জঙ্গি হামলা। এই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় সহ মোট ২৬ জন নিহত হন।
এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমন এক পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সতর্কতামূলক এবং সহযোগিতার আহ্বান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হামলার ঘটনার পরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট তাঁর এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছিলেন।
পহেলগাঁও হামলাটি সাম্প্রতিক সময়ে কাশ্মীরের সবচেয়ে ভয়ঙ্কর নাশকতার ঘটনাগুলির মধ্যে অন্যতম।
এর আগে বুধবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেন। রুবিওও পাকিস্তানের প্রতি এই হামলার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান।
প্রতিশোধের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
অন্যদিকে, বৃহস্পতিবার এই হামলার বিষয়ে প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “কেউ যদি মনে করে কাপুরুষোচিত এই হামলা করে বিশাল সাফল্য মিলেছে, তাহলে তাদের মনে রাখা উচিত এটি নরেন্দ্র মোদীর ভারত —, একের পর এক প্রতিশোধ নেওয়া হবে।” সন্ত্রাসবাদীদের প্রতি এটি একটি কড়া হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে।