SPORTS: শ্রেয়স আইয়ারকে ১২ লাখ টাকা জরিমানা, শাস্তি দিলো আইপিএল কর্তৃপক্ষ

আইপিএলের চলতি মরশুমে স্লো-ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। গতকাল, বুধবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের দায়ে তাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
চলতি মৌসুমে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংসের এটি প্রথম স্লো-ওভার রেটের ঘটনা। যা আইপিএলের আচরণবিধি সংক্রান্ত ধারা ২.২২ এর অধীনে একটি অপরাধ। আজ, বৃহস্পতিবার আইপিএলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে স্লো-ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে, যা ৪৯তম ম্যাচ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হয়েছিল। যেহেতু এটি চলতি মৌসুমে ধারা ২.২২-এর অধীনে প্রথম অপরাধ, যা সর্বনিম্ন ওভার রেট সংক্রান্ত; তাই আইয়ারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”
উল্লেখ্য, গতকাল চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে ৪ উইকেটে হারিয়ে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। চেন্নাইয়ের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মুম্বাইয়ে জন্মগ্রহণকারী শ্রেয়স আইয়ার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
এই জয়ে পাঞ্জাব কিংস প্লে-অফের দৌড়েও অনেকটা পথ এগিয়ে গেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে তাদের ওপরে কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রয়েছে।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক। শ্রেয়স আইয়ার বলেন, “যেকোনো মাঠেই আমি রান তাড়া করতে ভালোবাসি। যদি বোর্ডে বড় রান থাকে, তখন আমি দায়িত্ব নিতে ও পরবর্তী ব্যাটারদের জন্য মোমেন্টাম গড়ে তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি আমার স্বাভাবিক প্রবৃত্তির উপর খেলি এবং নিজেকে বিশ্বাস করি।”
নিজের প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, “সম্প্রতি আমি নেটে অনেক ব্যাটিং করছি, নতুন বলে দ্রুত বোলারদের মোকাবিলা করার অনুশীলন করছি। আমি জানি বল স্কিড করে আসবে এবং ভালো গতিতে আসবে। এটি আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে। এই দিকটি আমি সত্যিই উন্নত করার চেষ্টা করেছি। আমি মাঠে ঢুকলেই সব সময় উচ্চ মনোভাব নিয়ে খেলি। এই চারটি দিক (প্রস্তুতি, স্বজ্ঞা, আত্মবিশ্বাস, মনোভাব) আমি পূরণ করার চেষ্টা করি এবং আপনি এর প্রতিফলন মাঠে দেখতে পান।”
অন্যদিকে, এই হারের সঙ্গে সঙ্গেই চলতি আসরে চেন্নাই সুপার কিংসের মিশন কার্যত ব্যর্থ হলো। ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে।