‘লাখ টাকায় লক্ষ্মীলাভ’-এর মাসিক ফিনালেতে সুদীপ্তার বিশেষ অতিথি সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী !

রিয়ালিটি শো-এর মঞ্চে বিচারকের ভূমিকায় এর আগে দেখা গেলেও এবার অন্য আঙ্গিকে দর্শকদের সামনে আসছেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সান বাংলার জনপ্রিয় মহিলাদের শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২-এর মাসিক ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই শোয়ের টাইটেল ট্র্যাকটিও গেয়েছেন ইমন, যা অনুষ্ঠানের সাথে তাঁর সংযোগকে আরও দৃঢ় করেছে।
মহিলাদের জন্য তৈরি হওয়া ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানটি বাংলার ঘরে ঘরে এখন অত্যন্ত জনপ্রিয়। সিজন ১-এর অভূতপূর্ব সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২, যা দর্শকদের বিপুল ভালোবাসা পাচ্ছে। তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মাসিক ফিনালে, যেখানে এবার যোগ দিচ্ছেন ইমন।
এই বিশেষ পর্বে এসে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমন। তিনি বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। এখানে আসা মা লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। এত লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। শো-এর সঞ্চালিকা সুদীপ্তাদিও পুরো জমিয়ে রেখেছেন অনুষ্ঠানকে।”
জানা গেছে, আসন্ন মাসিক ফিনালে পর্বটি হাসি-খেলা আর মজার সম্ভারে ভরপুর হতে চলেছে। এই বিশেষ ফিনালেতে জয়ী প্রতিযোগী ২ লক্ষ টাকা নগদ পুরস্কার পাবেন। এছাড়াও, অনুষ্ঠানের এক অংশে থাকবে প্রতিযোগীদের জীবন সংগ্রামের গল্প শোনার পালা, যা মন দিয়ে শুনবেন ইমন। আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার ঠিক সন্ধ্যা ৬টায় সান বাংলায় সম্প্রচারিত হবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২-এর এই টানটান উত্তেজনাময় মাসিক ফিনালে।
উল্লেখ্য, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানে বাংলার যেকোনো মহিলা অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। খেলাটি চারটি রাউন্ডে বিভক্ত এবং প্রতি রাউন্ডের শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী অংশ নেন এবং কেউই খালি হাতে ফেরেন না। সাধারণ পর্বে ফাইনাল রাউন্ডের বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। সিজন ২-এ যোগ হয়েছে ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’-র মতো নতুন ও মজার খেলা। পুরো শো-টির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ কেবল একটি বিনোদনমূলক নন-ফিকশন শো নয়, এটিকে মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের এবং স্বনির্ভর হওয়ার ইচ্ছাকে আরও জোরালো করার একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ। মাঝে মাঝে তারকা অতিথিরাও এই শো-এর মঞ্চে আসেন, এবং তাঁরা জেতা টাকা দিয়ে তৈরি হয় “লক্ষ্মী ব্যাঙ্ক”। দর্শকদের বিপুল চাহিদা থাকায় এবারের সিজন ২ সাত মাস ধরে চলবে বলে জানা গেছে।