হুড়মুড়িয়ে জাতীয় সড়কের উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ছয় শ্রমিক

উত্তরপ্রদেশে ফের ঘটল সেতু বিপর্যয়ের ঘটনা। মঙ্গলবার সকালে ঢালার কাছে সোনাউলি-গোরক্ষপুর জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ একটি সেতুর অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন শ্রমিক। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁরা চিকিৎসাধীন।

পুরন্দরপুর থানার অফিসার ধর্মেন্দ্র সিং এই ঘটনার বিষয়ে জানান, “জাতীয় সড়কের উপর সেতুর নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার সকালে আচমকাই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। কর্মরত শ্রমিকরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন।” দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দ্রুত উদ্ধার কাজ শুরু করে ধ্বংসস্তূপের নীচ থেকে আহত শ্রমিকদের বের করা হয়। খবর অনুযায়ী, আহত ৬ শ্রমিকের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বর্তমানে আহত শ্রমিকরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে জেসিবি মেশিনের সাহায্যে। তবে, এই ভয়াবহ সেতু বিপর্যয় কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় যোগী সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই সেতু বিপর্যয়ের ফলে জাতীয় সড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। নির্মীয়মাণ সেতুর অংশ ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, নির্মাণ কাজের গুণগত মান এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও উত্তরপ্রদেশে একাধিক নির্মাণাধীন কাঠামো ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, যা নির্মাণ কাজের তদারকি এবং সুরক্ষা বিষয়ক নিয়মাবলী নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।