পহেলগাঁও হামলার রিলস দেখা নিয়ে চলন্ত ট্রেনে এক যুবককে মার! জিআরপি-তে অভিযোগ যুবকের

পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার রিলস চলন্ত ট্রেনের ভেতরে বসে দেখছিলেন এক যুবক। আর এই ঘটনা ঘিরেই চলন্ত ট্রেনের কামরার মধ্যে তুলকালাম কাণ্ড ঘটে গেল। ওই যুবককে দুই সহযাত্রী বেধড়ক মারধর করে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর এই অভিযোগটি রেল পুলিশে (GRP) দায়ের করেছেন আক্রান্ত যুবক।
গত ২৭ এপ্রিল ভোপাল থেকে ইন্দৌরগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের জেনারেল কামরায় এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ২৩ বছর বয়সী যুবক তাঁর অভিযোগে জানিয়েছেন, তিনি পহেলগাঁও হামলার ঘটনার রিলস দেখা শুরু করার পরেই কামরায় থাকা দুই সহযাত্রী তাঁর উপর চড়াও হয়। রিলস দেখার সময় ওই যুবক তাঁদের দিকে আপত্তিকরভাবে তাকাচ্ছিলেন – এই অভিযোগ তুলেই অভিযুক্ত দুই যুবক তাঁকে হেনস্থা করতে শুরু করে। ইন্দৌর স্টেশনের জিআরপি থানায় দায়ের করা অভিযোগে আক্রান্ত যুবক আরও দাবি করেছেন, শুধু মারধরই নয়, তাঁকে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক। তাদের চিহ্নিত করার জন্য পুলিশ ঘটনার ভিডিও রেকর্ডিং এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNNS)-এর তিনটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আক্রান্ত যুবকের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছিলেন। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা। হামলার মুহূর্তের বেশ কিছু ভিডিও ক্লিপ এখন সমাজমাধ্যমে রিলস আকারে ছড়িয়ে পড়েছে, যা দেখে গোটা দেশ শিউরে উঠেছে। এই ধরনের সংবেদনশীল ভিডিও দেখা নিয়ে চলন্ত ট্রেনে এমন ভয়াবহ ঘটনা জন্ম নেওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।