ভারত ছাড়ার সময়সীমা প্রায় শেষ, এর পর পাকিস্তানিদের কী শাস্তি হতে পারে? জেনেনিন বিস্তারিত

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতে বিভিন্ন ভিসায় অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার। নির্দিষ্ট সময়সীমা মেনে ইতোমধ্যে বহু পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন, তবে কেন্দ্রীয় সংস্থাগুলির অনুমান, এখনও বহু সংখ্যক ভারতে রয়ে গেছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভারত সরকারের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সার্ক ভিসাধারীদের জন্য শেষ তারিখ ছিল ২৬ এপ্রিল। আগমনী ভিসা (Visa on Arrival), ব্যবসা, ফিল্ম, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, শিক্ষার্থী, ভ্রমণার্থী, দলবদ্ধ পর্যটক, তীর্থযাত্রী এবং দলবদ্ধ তীর্থযাত্রী – এই ১২টি বিভাগে স্বল্পমেয়াদী ভিসা পাওয়া পাকিস্তানিদের ২৭ এপ্রিল, রবিবারের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছিল, সেই সময়সীমাও ইতিমধ্যেই পেরিয়ে গেছে। মেডিকেল ভিসায় ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ছাড়ার শেষ তারিখ হলো ২৯ এপ্রিল, মঙ্গলবার।
সরকারি সূত্রে জানা গেছে, গত শুক্র এবং শনিবার আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ২৭২ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন। এছাড়াও ২৭ এপ্রিল ১২টি বিভাগে স্বল্পমেয়াদী ভিসাধারী আরও কয়েকশ’ পাকিস্তানি ভারত ত্যাগ করেছেন। তবে এর পরও বহু সংখ্যক পাকিস্তানি নাগরিক ভারতে থেকে গিয়েছেন বলে অনুমান করছে কেন্দ্রীয় সংস্থাগুলি। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের পুলিশ বিভাগ সংশ্লিষ্ট রাজ্যের পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নোটিশ দিয়েছে। তারা নির্ধারিত সময়সীমা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে ভারত ত্যাগ করতে ব্যর্থ হওয়া পাকিস্তানি নাগরিকদের প্রথমে গ্রেপ্তার করা হবে। যথাযথ বিচারের পর তাদের তিন বছর পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা দুই দণ্ড একই সঙ্গে হতে পারে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল কেন্দ্রীয় সরকার ‘অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫’ জারি করেছে। এই আইন অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে, ভিসার শর্ত লঙ্ঘন করলে, অথবা ভিসায় অনুমতি না দেওয়া এলাকায় অনুপ্রবেশ করলে তিন বছরের জেল এবং ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পহেলগাম হামলার প্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে ভিসা জারির সময় যে মেয়াদই দেওয়া হয়ে থাক না কেন, সকল পাকিস্তানির ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। তাই নির্ধারিত সময়সীমার পর ভারতে থাকা মানে ভিসার শর্ত লঙ্ঘন করা এবং তাদের বিরুদ্ধে নয়া অভিবাসন আইনই প্রয়োগ করা হতে পারে।