“আমরা কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা দেখেছি, কিন্তু….?”-পহেলগাঁও হামলা নিয়ে যা বললেন ওমর

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই ঘটনা নিয়ে কোনও রকম রাজনীতি না করে তিনি বিধানসভায় অনুষ্ঠিত এক বিশেষ অধিবেশনে বলেন যে, তিনি এই হামলায় গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের কাছে তাঁর ক্ষমা চাওয়ার বা মুখ দেখানোর মতো ভাষা নেই। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কাশ্মীরী জনগণ এই ধরনের হামলা চায় না এবং স্থানীয় বাসিন্দারা জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করে।
ওমর আবদুল্লা তাঁর ভাষণে বলেন, “আমার কাছে ক্ষমা চাওয়ার কোনও ভাষা নেই। অতীতে আমরা কাশ্মীরি পণ্ডিত ও শিখ সম্প্রদায়ের ওপর হামলা দেখেছি। তবে পহেলগাঁওয়ের মতো পর্যটকদের লক্ষ্য করে এমন ন্যক্কারজনক হামলা অনেকদিন পরে হয়েছে।” যদিও তিনি এখন আইনশৃঙ্খলার দায়িত্বে নেই, তবুও কাশ্মীর ভ্রমণের জন্য পর্যটকদের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি বিবাহিত এক নৌসেনা কর্মীর নিহত হওয়ার ঘটনায় তিনি মর্মাহত। তাঁর স্ত্রীর কাছে কীভাবে মুখ দেখাবেন বা নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তাঁর নেই। তিনি জানান, নিহতদের পরিবারের সদস্যরা তাঁকে প্রশ্ন করেছেন, কেন এই হামলা, কেনই বা তাঁদের আপনজনকে হত্যা করা হলো, কিন্তু তাঁর কাছে এর কোনও উত্তর ছিল না।
তবে ওমর আবদুল্লা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাশ্মীরী জনগণ এই ধরনের হামলা চায় না এবং স্থানীয় বাসিন্দারা জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ২৬ বছরের মধ্যে এই প্রথমবার তিনি সাধারণ মানুষকে এভাবে প্রকাশ্যে জঙ্গিবাদ ও জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি মনে করেন, কাশ্মীরের মানুষ তাঁদের সঙ্গে আছেন এবং তাঁরা এটা বুঝতে পেরেছেন যে পর্যটন শিল্পকে বাঁচাতে শান্তির প্রয়োজন, কারণ এর উপরেই তাঁদের রুজিরুটি নির্ভর করে। মসজিদের নীরবতা পালনের মতো ঘটনাগুলিও এই ইঙ্গিত দেয় যে সাধারণ মানুষ জঙ্গিবাদকে সমর্থন করে না।
নিহতদের পরিবারগুলোর যে কষ্ট, তা দেশের কোনও বিধানসভার পক্ষে সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয় বলে উল্লেখ করে ওমর আবদুল্লা বলেন, পহেলগাঁওয়ের ঘটনায় ২৬ জন মানুষের যে যন্ত্রণা, তা ২০০১ সালের অক্টোবরে শ্রীনগরে হামলায় ৪০ জন নিহত হওয়ার ঘটনার মতোই ভয়াবহ। তিনি এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।