সপ্তাহের শুরুতেই ভোলবদল আবহাওয়ার ! আজ থেকে টানা ৭ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

এপ্রিল মাসের শেষে এসে আবহাওয়ার ভোলবদল। তীব্র গরমের পর অবশেষে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঘনঘটা। সোম থেকে বাংলার সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে টানা সাতদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রায় ৭০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
কলকাতার আবহাওয়া ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা
কলকাতাতেও আজ (সোমবার) বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা কমে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।