OMG! “রেল গেট পড়ার আগেই পার হওয়ার চেষ্টা”-লেভেল ক্রসিংয়ের গেটে ধাক্কা, দুর্ঘটনায় আহত ১২

রেল গেট পড়ার আগেই লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার হঠকারী চেষ্টার ফলে দুর্ঘটনার কবলে পড়ল মেদিনীপুরগামী যাত্রীবোঝাই একটি বাস। সামনে থাকা একটি চার চাকাকে ধাক্কা মেরে বাসটি রেল গেটের লোহার পিলারে সজোরে ধাক্কা মারে। রবিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ভাদুতলা স্টেশনের সামনে ভাদুতলা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই ঘটনায় দুই শিশু-সহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
উদ্ধার কাজে পুলিশ ও স্থানীয়রা
দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণের মতো শব্দ শুনে স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়েই ঘটনাস্থলে যান শালবনী থানার আইসি সৌরভ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশকর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিকভাবে চালকের গাফিলতিই কারণ
শালবনী থানার আইসি জানিয়েছেন, এই দুর্ঘটনায় বাসের ১১ জন যাত্রী (যাদের মধ্যে দুই শিশু রয়েছে) এবং সামনে থাকা চার চাকা গাড়িটির ১ জন যাত্রী আহত হয়েছেন। অর্থাৎ মোট ১২ জন আহত। আহতদের মধ্যে দু’একজনের আঘাত গুরুতর। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন। বাসচালকের হঠকারিতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
প্রত্যক্ষদর্শীদের দাবি, যাত্রীবাহী বাসটি পিড়াকাটার দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। ভাদুতলা লেভেল ক্রসিংয়ের সামনে এসে হঠাৎ করেই বাসের গতিবেগ বাড়িয়ে দেন চালক, সম্ভবত রেল গেট পড়ার আগেই দ্রুত পেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক সেই সময়েই রেল গেট পড়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে রেল গেটের সামনে দাঁড়িয়ে পড়া মারুতি ওমনি গাড়িতে সজোরে ধাক্কা মারে। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।