Weather: গরমের শেষে মিলবে স্বস্তি, বাংলার জেলায় জেলায় টানা ৭ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি দেখল দক্ষিণবঙ্গের একাংশ। শনিবার রাতে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় প্রায় দু’তিন ঘণ্টার ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি চলে ঝোড়ো হাওয়ার দাপট। এর ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমাতেও সাহায্য করবে।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ মে পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই সময় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে পর পর সাত দিনই এমন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

তাপপ্রবাহের সতর্কতা

তবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও দিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহ বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে।

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর তাপমাত্রার পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য হেরফের হবে না। তবে এর পরের ৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আগামী ৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সব মিলিয়ে, রাজ্যজুড়ে গরমের অস্বস্তি কিছুটা কমলেও কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।