Gold: ৬ দিন পর সোনার দাম কমল অনেকটাই, জেনেনিন কলকাতায় আজ রেট কত?

লাগাতার উর্ধ্বমুখী থাকার পর আজ সোনার দামে অনেকটাই স্বস্তি মিলল। টানা ৬ দিন ধরে বাড়ার পর একধাক্কায় অনেকটা কমল হলুদ ধাতুর দাম। ভারতে সম্প্রতি সোনার দাম হু হু করে বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল, যা ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। আজ, ২৬ এপ্রিল, শনিবার, সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। প্রায় ১ লক্ষ টাকার কাছে পৌঁছে যাওয়ার পর, আজ দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, যা বিনিয়োগকারী এবং ক্রেতাদের জন্য সুসংবাদ।
এপ্রিল মাস জুড়েই সোনার দামে অনেক ওঠানামা দেখা গেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ এবং ভারতীয় টাকার দুর্বলতার মতো বিভিন্ন কারণ সোনার দাম বাড়াতে সাহায্য করেছে। এর সঙ্গে উৎসব এবং বিয়ের মরশুমের মতো অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিও দাম বাড়ার অন্যতম কারণ। কখনও দাম আকাশ ছুঁয়েছে, আবার কখনও দ্রুত কমেছে, যা বাজারকে অস্থির করে তুলেছে।
আজ কলকাতায় সোনার দাম:
আজ, শনিবার কলকাতার স্থানীয় বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ৯১,৫৫০ টাকা। গতকালের চেয়ে অনেকটাই কমেছে এই দর। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৯৬,৩০০ টাকা। পাকা সোনার বাটের দাম রয়েছে ৯৫,৮০০ টাকা। সোনার গয়না কেনার সময় এই দামের সঙ্গে জুয়েলারি ভেদে মজুরি এবং সরকার নির্ধারিত জিএসটি যুক্ত হবে। মনে করা হচ্ছে, বিশ্ব বাজারে সোনার দামের নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। গত কয়েক সপ্তাহে সোনার দাম ৮৫ হাজার ছাড়িয়ে হু হু করে প্রায় ৯৪ হাজার (২২ ক্যারেট) এবং ১ লক্ষের (২৪ ক্যারেট) কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেই তুলনায় আজ দাম তুলনামূলক অনেকটাই কমল।
দেশের অন্যান্য শহরে সোনার দাম:
কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য অনেক শহরেও আজ সোনার দামে পতন দেখা গেছে। বর্তমানে অনেক শহরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজার টাকা ছাড়িয়ে গেলেও, আজকের পতনের পর দাম কিছুটা কমেছে। ২২ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে ৯০ হাজার টাকারও বেশি রয়েছে বহু শহরে। যেমন, দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯৮,৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯০,২০০ টাকায় লেনদেন হচ্ছে।
রুপোর দাম:
সোনার দাম কমলেও আজ রুপোর দামে কোনও বড়সড় ওঠানামা দেখা যায়নি। আজ প্রতি কেজি রুপার দাম ১,০০,৯০০ টাকা রয়েছে। রুপোর দাম গত কয়েক সপ্তাহে এক লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল।
সোনার দামের এই পতন অস্থায়ী নাকি এই প্রবণতা বজায় থাকবে, তা নির্ভর করছে আগামী দিনে বিশ্ব অর্থনীতি এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর। তবে আপাতত দাম কমায় যাঁরা গয়না বা সোনায় বিনিয়োগের কথা ভাবছিলেন, তাঁদের মুখে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।