ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল দেশ! মুসলিম বোর্ডের মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি সংসদে পাশ হওয়া নতুন ওয়াকফ আইনকে কেন্দ্র করে দেশজুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ব্যাপক অসন্তোষ ও বিক্ষোভ চলছে। এই আইনের বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন মুসলিম সংগঠন। এই পরিস্থিতিতে আইনের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি সভার আয়োজনের অনুমতি চেয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
সূত্রের খবর অনুযায়ী, ব্রিগেডে সভা করার জন্য রাজ্য পুলিশ এবং সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়েছিল বোর্ড, কিন্তু সেই অনুমতি মেলেনি। এরপরই সভার অনুমতি চেয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানির সময় কেন্দ্রের আইনজীবি ওই সময় ব্রিগেডে সভার আয়োজনের তীব্র বিরোধিতা করেন। তিনি আদালতে জানান, বর্তমানে ওয়াকফ আইনের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আইনটি নিয়ে নিছক আলোচনার জন্য ৫০,০০০ লোক জড়ো করা কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
কেন্দ্রের আইনজীবি আরও বলেন যে, আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে এবং এই সময়ে সভার অনুমতি দিলে প্রশিক্ষণে সমস্যা হবে। এর পরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাম্প্রতিক কাশ্মীর হামলার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ওই হামলার ঘটনার কারণে আগামী তিনদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে কোনো ধরনের মিটিং-মিছিল বন্ধ রাখার নির্দেশ রয়েছে।
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আগামী সাত দিন পরে ব্রিগেডে সভা করার পরামর্শ দেন। একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দেয় যে, কেন ব্রিগেড বা ওই নির্দিষ্ট জায়গায় সভা বা জনসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলাকারীদের ই-মেল আইডিতে স্পষ্টভাবে জানাতে হবে। বিচারপতি আরও বলেন, প্রয়োজনে মামলাকারীরা নতুন করে মামলা দায়ের করার বিষয়ে বিবেচনা করতে পারেন। এই নির্দেশের ফলে আপাতত বোর্ডের ব্রিগেড সভার পরিকল্পনা সাময়িক ভাবে পিছিয়ে গেল।