বনি সেনগুপ্তের নতুন পথে যাত্রা ! এক অসমবয়সি বন্ধুত্বকে ফুটিয়ে তুলবেন অভিনেতা, কার সঙ্গে বাঁধলেন জুটি ?

রোমান্টিক, কমেডি, থ্রিলার – গতানুগতিক এই ঘরানার বাইরে বেরিয়ে এবার এক অন্য স্বাদের গল্পে যুক্ত হলেন অভিনেতা বনি সেনগুপ্ত। এবার তিনি পর্দায় ফুটিয়ে তুলবেন এক অসমবয়সি বন্ধুত্বের অকৃত্রিম আখ্যান। পরিচালক প্রতীক সরকারের নতুন ছবি ‘কেয়ার অফ এ জার্নি’-তে মূল চরিত্রে দেখা যাবে তাঁকে।

এই ছবিতে বনি সেনগুপ্ত ‘বামা’ চরিত্রে অভিনয় করছেন এবং তাঁর ‘বন্ধু’ হিসেবে দেখা যাবে শিশুশিল্পী তৃষানজিৎ চৌধুরীকে, যে ছয়-সাত বছরের বালক ‘পাটু’র ভূমিকায় রয়েছে। ছবির গল্প আবর্তিত হয় এই পাটুকেই কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে সে তার বৃদ্ধা ঠাকুমার সঙ্গে থাকে। ছোটবেলায় মাকে হারানো পাটুর বাবা তাকে ছেড়ে শহরে চলে গেছেন, কিন্তু বাবার প্রতি ছোট্ট পাটুর প্রবল ভালোবাসা আর তাকে খুঁজে বের করার অদম্য ইচ্ছে। একদিন গ্রীষ্মের ছুটিতে পাটু কাউকে কিছু না জানিয়ে একা পাড়ি দেয় অচেনা শহরের উদ্দেশ্যে, তার বাবাকে খুঁজে বের করতে।

এই বিশাল শহরে সে কাউকে চেনে না, আর তখনই তার অপ্রত্যাশিতভাবে দেখা হয় ‘বামা’র সঙ্গে। বয়সে পাটুর থেকে অনেক বড় হলেও, বামার সঙ্গেই তার বন্ধুত্ব গড়ে ওঠে। বামা আর পাটুর মধ্যে বন্ধুত্ব যতই গভীর হতে থাকে, ততই তারা একসঙ্গে পাটুর বাবাকে খুঁজে বের করার এক নতুন জার্নি শুরু করে। এই অপ্রত্যাশিত যাত্রাপথ এবং এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটি নিয়েই তৈরি হয়েছে ‘কেয়ার অফ এ জার্নি’ ছবির মূল কাহিনি।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু, আর সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন সুপ্রিয় দত্ত। ছবিটি প্রযোজনা করছেন ময়ূখ দাস, তাঁর সংস্থা ‘মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক’-এর ব্যানারে। পরিচালক এখনও ছবির প্রধান মহিলা চরিত্রের নাম প্রকাশ করেননি। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছবির শ্যুটিংয়ের কাজ হবে বলে জানা গেছে।

নিজের চরিত্র এবং ছবির বিষয় নিয়ে বলতে গিয়ে অভিনেতা বনি সেনগুপ্ত জানান, “এটা একটা নিখাদ বন্ধুত্বের গল্প। বন্ধুত্বে আসলে কোনো বয়সের সীমা থাকে না। এই ছবিতে বামা আর পাটুর সম্পর্কই ছবির প্রাণকেন্দ্র। ছবিটি গ্রাম বাংলার একেবারে মাটির কাছাকাছি থাকা একটি গল্প বলবে। আশা করছি, এই গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে।”

বনি সেনগুপ্তের এই নতুন ধরনের চরিত্রে অভিনয় এবং শিশুশিল্পীর সঙ্গে তাঁর জুটি পর্দায় কেমন ম্যাজিক তৈরি করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।