টি-টোয়েন্টিতে নজির ধোনির ! ৪০০ ম্যাচের এলিট ক্লাবে চতুর্থ ভারতীয় হিসাবে প্রবেশ

ক্রিকেট কিংবদন্তি এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আজ তাঁর দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক বিরল মাইলফলক স্পর্শ করলেন। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নামতেই তাঁর খেলা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৪০০-তে পৌঁছল। এই কৃতিত্ব অর্জন করে তিনি ভারতের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে এই অভিজাত ক্লাবে প্রবেশ করলেন।

তাঁর বিশাল টি-টোয়েন্টি ক্যারিয়ারে ‘ক্যাপ্টেন কুল’ ধোনি বিভিন্ন ফরম্যাটে নিজের ছাপ রেখেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে তিনি ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর সংগ্রহ ১৬১৭ রান এবং স্ট্রাইক রেট ১২৬.১৩। আইপিএলে পাঁচবারের শিরোপা জয়ী অধিনায়ক ধোনি ২৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ব্যাট হাতে ৫৩৭৭ রান করেছেন, যা তিনি করেছেন ১৩৭.৮৭ স্ট্রাইক রেটে। এছাড়াও ঘরোয়া ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স লিগে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করে তিনি ২৪টি ম্যাচে ৪৪৯ রান যোগ করেছেন নিজের ঝুলিতে। এই সমস্ত ম্যাচ মিলিয়ে আজ তিনি ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ বা তার বেশি ম্যাচ খেলার এই অভিজাত তালিকায় মহেন্দ্র সিং ধোনির আগে রয়েছেন ভারতের মাত্র তিনজন ক্রিকেটার। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, যিনি এখনও পর্যন্ত ৪৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয় স্থানে আছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক, যাঁর সংগ্রহে রয়েছে ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ। আর তারকা ব্যাটার বিরাট কোহলি ৪০৭টি ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। এই তিনজনের পরেই ৪০০ ম্যাচ ক্লাবে প্রবেশ করলেন সর্বকালের অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই দীর্ঘ ক্যারিয়ার এবং ধারাবাহিকতা ভারতীয় ক্রিকেটের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত।