ভারত-পাক যুদ্ধ কি শুরু? কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাক গুলি বিনিময়, রাতভর গুলির লড়াই

পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। জবাবে ভারতীয় সেনাও পাল্টা গুলি চালিয়েছে। এই ঘটনায় ভারতের দিকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারত এই হামলার কঠোরতম জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং পাকিস্তানও সীমান্তের ওপারে সামরিক তৎপরতা বাড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল। এরই মধ্যে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার এই গুলি চালনার ঘটনা সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিল।

সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনার একজন আধিকারিক এই হামলার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার ভোরে পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালিয়েছে এবং ভারতীয় সেনাও তার যোগ্য জবাব দিয়েছে। তবে ভারতীয় সেনার তরফে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনা কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর এমনিতেই অগ্নিগর্ভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত সরকার ইতিমধ্যেই পহেলগাম হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করা, ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা। পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের পদক্ষেপের পাল্টা জবাব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণরেখায় নতুন করে গুলি বিনিময়ের ঘটনা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।