BigNews: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা

বীরভূম জেলার সাঁইথিয়ায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। শুক্রবার সকালে সাঁইথিয়া থানার হাতড়া পঞ্চায়েতের দক্ষিণ সিজা গ্রামে এক গৃহস্থের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে বেআইনিভাবে বোমা মজুত করে রাখা হয়েছিল।
ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
জানা গেছে, দক্ষিণ সিজা গ্রামের বাসিন্দা শেখ সুরুজ নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের চাল ও দেওয়ালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়েছে। ঘটনার পর থেকেই বাড়ির মালিক শেখ সুরুজ পলাতক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অভিযোগ, শেখ সুরুজের বাড়িতে প্রচুর পরিমাণে বোমা বা অন্যান্য বিস্ফোরক পদার্থ মজুত করা ছিল। সেই বিস্ফোরক থেকেই কোনওভাবে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেনসিক দলও ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করবে বলে জানা গেছে। এই বিস্ফোরণের কারণ এবং বাড়িতে সত্যিই কোনও বিস্ফোরক মজুত ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।