পহেলগামে জঙ্গি হামলা – ২৬ প্রাণহানির প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিলেন ‘অরিজিৎ সিং’ ! চেন্নাই কনসার্ট বাতিল

জম্মু কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের উপর হওয়া সাম্প্রতিক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকস্তব্ধ গোটা ভারত। বৈসরণ উপত্যকার ‘মিনি সুইজারল্যান্ডে’ ভ্রমণে গিয়ে ২৬ জন নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে জঙ্গিদের গুলি। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গোটা দেশে তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা পর্যন্ত বিভিন্নভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এমন কঠিন সময়ে দাঁড়িয়ে পহেলগামের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার এক ব্যতিক্রমী ও সাহসী পথে হেঁটেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তিনি তাঁর আসন্ন চেন্নাইয়ের কনসার্টটি বাতিল করার বড় সিদ্ধান্ত নিয়েছেন।

বরাবরই নিজস্ব ভঙ্গিতে বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয়ে প্রতিক্রিয়া জানান অরিজিৎ সিং। পহেলগামের ঘটনার প্রেক্ষিতে তাঁর এই প্রতিবাদ অন্যান্য তারকাদের থেকে ভিন্ন এবং সুদূরপ্রসারী। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইতে অরিজিৎ সিংয়ের একটি জমকালো কনসার্ট হওয়ার কথা ছিল এবং তার টিকিট বিক্রিও হয়েছিল ব্যাপক হারে। সূত্রের খবর, এই কনসার্ট বাতিলের সিদ্ধান্তে কোটি টাকার আর্থিক ক্ষতি হলেও, দেশের এমন কঠিন পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত লাভের কথা ভাবেননি।

পহেলগামের মর্মান্তিক ঘটনা সামনে আসার পরেই অরিজিৎ এই কনসার্টটি বাতিল করার কথা জানান। কনসার্টের আয়োজকদের তরফে বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, “সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার আলোকে, শিল্পী এবং আয়োজকরা সম্মিলিতভাবে আগামী রবিবার, ২৭ এপ্রিল চেন্নাইতে নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।” বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁদের প্রত্যেকের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। এই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

অরিজিৎ সিংয়ের কনসার্টের জন্য দেশের লক্ষ লক্ষ শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এমন পরিস্থিতিতে শিল্পী এবং আয়োজকদের পক্ষ থেকে এই কঠিন সিদ্ধান্ত নেওয়াকে তাঁর অনুরাগীরা কুর্নিশ জানিয়েছেন এবং তাঁদের দেশপ্রেম ও সংবেদনশীলতাকে সাধুবাদ জানিয়েছেন। পহেলগামের ঘটনার বিরুদ্ধে শিল্পী মহলের প্রতিবাদের এটি একটি জোরালো দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে।