কারা স্কুলে যেতে পারবেন না, কেন স্পষ্ট করা হচ্ছে না? প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের

স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো যোগ্য প্রার্থীরা তাঁদের দাবি থেকে এখনও এক চুলও নড়েননি। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশের দাবিতে তাঁরা টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই তালিকা প্রকাশ না করা নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও।

যোগ্য-অযোগ্যদের চূড়ান্ত তালিকা কমিশন এখনও প্রকাশ করেনি ঠিকই, তবে আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন, সেই তালিকা তারা ইতিমধ্যেই ডিআই অফিসে এবং সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠিয়েছে। কিন্তু চাকরি হারানো আন্দোলনরত শিক্ষক এবং প্রধান শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলছেন, কারা স্কুলে যেতে পারবেন না অর্থাৎ ‘দাগী’ বা অযোগ্য হিসেবে চিহ্নিতরা কারা, সেই সম্পূর্ণ তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না? আন্দোলনকারী শিক্ষক অমিতরঞ্জন ভুঁইয়া বলেন, “তালিকা প্রকাশ না করায় কারা অযোগ্য, তা আমরা জানতে পারলাম না।” ডিআই অফিসে পাঠানো তালিকা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন, বিশেষ করে যদি ওএমআর-এর মিরর ইমেজ কমিশনের কাছে না থাকে, তবে কিসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হলো।

অন্যদিকে, এসএসসি সংক্রান্ত একটি আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। গত বুধবার বিচারপতি দেবাংশু বসাক শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন, সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছু পরিবর্তন এনেছে, তখন কি এই আদালতে আদালত অবমাননার মামলা চলতে পারে? একই সঙ্গে স্কুল শিক্ষা দফতরের আইনজীবীর উদ্দেশে বিচারপতি চিহ্নিত অযোগ্যদের থেকে বেতনের টাকা ফেরত নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চান।

এর উত্তরে স্কুল শিক্ষা দফতরের আইনজীবী জানান যে এই বিষয়ে তাঁর কাছে কোনও নির্দিষ্ট নির্দেশ নেই। বিচারপতি তখন মন্তব্য করেন, এর অর্থ কি এই যে, আদালত চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বেতনের টাকা ফেরত নেওয়ার বিষয়ে তারা আদালতকে জানাবে না? আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

এসএসসি সংক্রান্ত মামলার এই পরিস্থিতির মধ্যেই গতকাল (বুধবার) ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখান, যা ঘিরে উত্তেজনা ছড়ায় এবং পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক ইস্যুতে রাজ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে।