লিভ-ইন পার্টনারকে হেনস্থার প্রতিবাদ… বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবককে !

খাস কলকাতার বুকে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। লিভ-ইন পার্টনারকে রাস্তায় উত্যক্ত (ইভটিজিং) করার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হল এক যুবককে। অভিযোগ, বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে ওই যুবককে। বুধবার রাতের এই ঘটনায় নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সংকেত চট্টোপাধ্য়ায়। তিনি নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায় তাঁর লিভ-ইন পার্টনারের সঙ্গে থাকতেন। বুধবার রাতে সংকেত ও তাঁর পার্টনারের মধ্যে কোনো বিষয় নিয়ে অশান্তি হয়। এর জেরে তরুণীটি বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযোগ, সেই সময় রাস্তায় কয়েকজন যুবক তাঁকে উত্যক্ত করতে শুরু করে।

তরুণীকে উত্যক্ত করা হচ্ছে দেখে সংকেত প্রতিবাদ জানাতে এগিয়ে যান। আর তখনই কয়েকজন যুবক তাঁর উপর চড়াও হয় এবং বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। সংকেত মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় সংকেতের পরিবার শোকে ভেঙে পড়েছে। এই ধরনের ঘটনা আবারও একবার মনে করিয়ে দিল সুটিয়ার বরুণ বিশ্বাস এবং বারাসাতের রাজীব দাসের মতো সেইসব সাহসী মানুষদের কথা, যারা ইভটিজিং বা শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছিলেন।

খবর লেখা পর্যন্ত এই ঘটনায় জড়িত অভিযুক্তদের এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ড এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।