ফের তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে শহিদ এক জওয়ান, উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর বর্বর হামলার পর ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ‘কাউকে রেয়াত নয়’ বার্তা দিয়েছিল, তা বাস্তবায়নে কাশ্মীর জুড়ে লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। গত বুধবার বারামুল্লার উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই পাক জঙ্গিকে গুলি করে হত্যা করে সেনা। এরপর বুধবারই কুলগাম জেলার তাংমার্গ এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই হয়। এরই ধারাবাহিকতায় এবার উধমপুর জেলার ডুডু-বসন্তগড় এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
জানা গেছে, বুধবার (২৫শে এপ্রিল) উধমপুরের ডুডু-বসন্তগড়ের এই জঙ্গলাকীর্ণ এলাকায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ঘন জঙ্গলের অভ্যন্তরে কমপক্ষে দুই জঙ্গি লুকিয়ে ছিল। সার্চ অপারেশন চলাকালীন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় বাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এই গুলিযুদ্ধে নিরাপত্তাবাহিনীর এক জওয়ান শহিদ হয়েছেন। অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর হাতে একজন জঙ্গি নিহত হয়েছে বলেও খবর মিলেছে। তবে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং সমগ্র এলাকা ঘিরে নিয়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জন নিরীহ পর্যটককে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনার পর থেকে কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদীদের নির্মূল করতে জোরদার অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। তারই অংশ হিসেবে উরি এবং কুলগামের পর এবার উধমপুরেও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটল। এই ধারাবাহিক অভিযান উপত্যকায় সক্রিয় সন্ত্রাসীদের উপর চাপ সৃষ্টি করছে।