পহেলগাঁও হামলায় জড়িত ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে, হাতে AK47, শরীরে ক্যামেরা! বাড়ছে মৃতের সংখ্যা

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত চার জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। যে ছবিগুলি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে চার জঙ্গির প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক AK47 রাইফেল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন স্থানীয় কাশ্মীরি। হামলার সময় তাদের শরীরে লাইভ বডি ক্যামেরা বাঁধা ছিল, যেখানে নৃশংসতার পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। ইতিমধ্যেই এদের মধ্যে তিন জঙ্গির নাম জানা গিয়েছে, যদিও একজনের পরিচয় এখনও মেলেনি।
মঙ্গলবারের এই ভয়াবহ হামলায় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা রক্তাক্ত হয়েছে। এই জঙ্গিহানায় কমপক্ষে ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। বৈসরন উপত্যকার রিসর্টে ঠিক কতজন জঙ্গি এই হামলায় সরাসরি অংশ নিয়েছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, হামলাকারীর সংখ্যা ছিল পাঁচ থেকে ছ’জন। এদের মধ্যে চারজন সরাসরি গুলি চালিয়েছে বলে জানা গেছে।
এই চার জঙ্গিই কুখ্যাত লস্কর-ই তৈবা জঙ্গি সংগঠনের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে তিন জঙ্গির নাম হলো আবু তালহা, আসিফ ফৌজি এবং সুলেমান শাহ। এই হামলার দায় ইতিমধ্যেই পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স (টিআরএফ) স্বীকার করেছে, যারা লস্কর-ই তৈবার একটি শাখা সংগঠন।
এই চার জঙ্গির ছবি সামনে আসার পরপরই তদন্তে আরও গতি আনা হয়েছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর পক্ষ থেকে আপাতত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। যারা এই হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের বয়ানের ভিত্তিতে এই স্কেচগুলি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই আঁকা ছবি এবং তিনটি স্কেচ গোয়েন্দা সংস্থা (আইবি) এবং সেনাবাহিনীর কাছে সম্পূর্ণরূপে circulated করা হয়েছে যাতে দ্রুত এদের চিহ্নিত করে ধরা যায়।