পহেলগাঁওয়ের রক্তের দাগ শুকাতে না শুকাতেই কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা, সেনার হাতে খতম ২ জঙ্গি !

কাশ্মীরের পহেলগাঁওয়ে গত মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ থেকে ২৮ জন নিরীহ পর্যটকের মৃত্যুর ঘটনায় গোটা উপত্যকা এবং দেশ যখন শোকাহত ও ক্ষুব্ধ, ঠিক তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর খবর। পহেলগাঁওয়ের রক্তের দাগ শুকাতে না শুকাতেই ফের সীমানা পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করল দুই জঙ্গি।
জানা গিয়েছে, বুধবার জম্মু কাশ্মীরের বারমুলা জেলার উরির কাছে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে দুই জঙ্গি। তবে তাদের এই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় সেনাবাহিনী। সেনা সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই সেখানে দ্রুত পৌঁছয় সেনাবাহিনী। সেনার সঙ্গে হওয়া তীব্র গুলির লড়াইয়ে শেষপর্যন্ত খতম হয় ওই দুই জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নিরাপত্তা সংস্থা হামলায় জড়িত চার জন জঙ্গির ছবি প্রকাশ করেছে। এই হামলায় কমপক্ষে ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। খবর প্রকাশ, এই চার জনই পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার সাথে যুক্ত। নিষিদ্ধ পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবার একটি ছায়া গোষ্ঠী, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), এই হামলার দায় স্বীকার করেছে, তবে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে।
প্রকাশিত ছবিতে, পাকিস্তানি জঙ্গি সুলেমান শাহ দাঁড়িয়ে আছেন একেবারে ডানে এবং জঙ্গি আবু তালহা একেবারে বামে। তারা দু’জনেই পাকিস্তানি নাগরিক এবং লস্করের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। বাকি দু’জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা হতে পারে বলে মনে করা হচ্ছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এর আগে, প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পহেলগাম হামলার পিছনে থাকা কমপক্ষে তিন জঙ্গির স্কেচ প্রকাশ করেছিল সংস্থা।
প্রসঙ্গত, পহেলগামের বাইসারন এলাকায় মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই জঙ্গিদের আক্রমণ নেমে আসে পর্যটকদের উপর। বেছে-বেছে পর্যটকদের উপর হামলা হয়। ছুটিতে ঘুরতে যাওয়ার আনন্দ মুহুর্তের মধ্যে নেমে আসে বিষাদে। ঘটনায় মুহুর্তের মধ্যে বদলে গিয়েছে পরিবেশ। পর্যটনকেন্দ্রে গিয়ে এভাবে পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে।
পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার আবহেই উরিতে অনুপ্রবেশের এই চেষ্টা প্রমাণ করে যে উপত্যকায় সন্ত্রাসবাদের হুমকি এখনও বিদ্যমান। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় সদা সতর্ক রয়েছে। হামলাকারীদের ছবি প্রকাশ এবং উরির অনুপ্রবেশ বানচাল হওয়া – এই দুটি ঘটনা প্রমাণ করে নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।