পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার তদন্তে অগ্রগতি! প্রকাশ্যে চার জঙ্গির ছবি, ২জন পাকিস্তানি, সামনে এল মূল মাস্টারমাইন্ড

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে গত মঙ্গলবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির পর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এই নারকীয় ঘটনার পর নিরাপত্তা এজেন্সিগুলি হামলায় জড়িত চার জন জঙ্গির ছবি প্রকাশ করেছে। পাশাপাশি সামনে এসেছে হামলার মূল মাস্টারমাইন্ড এবং এর পেছনে পাকিস্তানের সম্ভাব্য সরাসরি যোগসাজশের চাঞ্চল্যকর দিকটিও।
প্রকাশিত চার জন হামলাকারীর ছবির ভিত্তিতে জানা গেছে, এদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। সূত্রের খবর অনুযায়ী, এদের নাম আদিল ও আসিফ বলে জানা যাচ্ছে। অন্য দু’জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা হতে পারে বলে মনে করা হচ্ছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিক পর্যায়ে এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবার একটি শাখা ‘দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট’ (টিআরএফ)।
তবে সূত্রের খবর অনুযায়ী, এই হামলাটির আসল মাস্টারমাইন্ড হলো পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবার ডেপুটি চিফ, সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কসৌরি। জানা গেছে, এমন নারকীয় ঘটনার জন্য জঙ্গিরা আগে থেকেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এসেছিল। তারা এলাকাটি রেইকি বা নজরদারি চালিয়ে ভালোভাবে বুঝে নিয়েছিল এবং ব্লুপ্রিন্ট তৈরি করেই গত মঙ্গলবার দুপুরে হামলা চালায়। এই হামলায় বিশেষ করে হিন্দু পর্যটকদের বেছে বেছে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে।
সূত্রের খবর এই নারকীয় কর্মকাণ্ডের জন্য সরাসরি পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে দায়ী করা হচ্ছে। সূত্র আরও বলছে, প্রায় দু’মাস আগে একটি সভার আয়োজন করেছিল এই সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কসৌরি। সেই সভায় পাক সেনার সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে এবং সেখানে ভারতবিরোধী উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, পহেলগামের ঘটনার মাস্টারমাইন্ড সইফুল্লাকে সরাসরি মদত দিয়েছে আইএসএআই এবং পাক সেনা। এই তথ্য প্রমাণ করে যে হামলার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল এবং এর পেছনে পাকিস্তানের মদত রয়েছে।
এদিকে এই হামলার ঘটনার পর বুধবার ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আহত পর্যটকদের সঙ্গে দেখা করেন এবং কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় নিরাপত্তা আধিকারিক অজিত দোভালের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে বলে খবর।
পহেলগাঁওয়ের এই ভয়াবহ হামলা শুধু উপত্যকার নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলেনি, এটি সন্ত্রাসবাদের পেছনে পাকিস্তানের মদত এবং হামলাকারীদের সুপরিকল্পিত প্রস্তুতির দিকটিও সামনে এনেছে। চার হামলাকারীর ছবি প্রকাশ এবং মাস্টারমাইন্ডের নাম সামনে আসায় তদন্তে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।