‘শিক্ষিকা হওয়ার আর আশা নেই…’, বিএড-ডিএলএড করে ফুচকার স্টল খুললেন প্রেয়শী

শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই! তাই পেটের টানে ফুচকার দোকান খুলেছেন নদিয়ার তরুণী। নাম প্রেয়শী ঘোষ। স্নাতকের পর বিএড ও ডিএলএড কোর্স করেও শিক্ষক নিয়োগের অনিশ্চয়তায় তাঁর পাশে দাঁড়িয়েছে ফুচকার ঠোঙা। রানাঘাটের এই তরুণীর অদম্য লড়াইয়ের গল্প এখন অনেকের কাছেই প্রেরণা।

ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন প্রেয়শী। মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। অষ্টম শ্রেণি পর্যন্ত মামা সাহায্য করলেও এরপর নিজের খরচ নিজেকেই চালাতে হয়েছে। ছোটদের নাচ শিখিয়ে সেই টাকায় পড়াশোনা ও সংসার চালিয়েছেন। সংস্কৃত নিয়ে স্নাতক হওয়ার পর ২০১৮-২০১৯ সালে বিএড পাশ করেন তিনি। বর্তমানে ডিএলএড কোর্সও করছেন।

তবে বছরের পর বছর শিক্ষক নিয়োগ বন্ধ থাকা এবং সম্প্রতি ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের খবরে হতাশ হয়ে পড়েন প্রেয়শী। নাচ শিখিয়ে আর সংসার চালানো যাচ্ছিল না। এই কঠিন পরিস্থিতিতে বিকল্প পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন ফুচকা বিক্রিকে। নিজের দোকানের নামও দিয়েছেন বেশ আকর্ষণীয় – ‘বিএড ফুচকা দিদি’। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে অনিশ্চয়তা থাকলেও, হার মানেননি প্রেয়শী। নতুন লড়াই শুরু করেছেন ফুচকার স্টল থেকেই।