কেন্দ্রীয় উপেক্ষা! মে মাসেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তি, জোর প্রস্তুতি রাজ্য সরকারের

কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ছাড়াই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) অধীনে ঘর তৈরি করে দিচ্ছে। ইতিমধ্যেই উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এবার সুখবর, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হচ্ছে। রাজ্য সরকার (West Bengal government) নির্ধারিত সময়ের আগেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আগামী জুন মাসে দেওয়ার কথা ছিল। তবে এবার শোনা যাচ্ছে, মে মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করার জোরদার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। উল্লেখ্য, রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে দুই দফায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার কথা। এর মধ্যে ১১ লক্ষ উপভোক্তা মূল তালিকায় রয়েছেন এবং ১ লক্ষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত।

ইতিমধ্যেই রাজ্য সরকার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে মোট প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা বিতরণ করেছে। বাকি টাকা দ্রুত দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন। জানা গেছে, আবাসে বাড়ি তৈরির কাজ কোথায় কতদূর এগিয়েছে এবং কতটা বাকি আছে, তা সরেজমিনে খতিয়ে দেখছেন মন্ত্রী ও সচিব পর্যায়ের আধিকারিকরা। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার নিজেও বিভিন্ন জেলার কাজ পরিদর্শন করেছেন।

সূত্রের খবর, উত্তরবঙ্গের কিছু জেলায় উপভোক্তারা বর্তমানে চাষের কাজে ব্যস্ত থাকায় বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। এ বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “খুব অল্প সংখ্যক উপভোক্তার বাড়ি তৈরির গতি কম থাকলেও, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হলে তাঁরা সেই কাজে গতি বাড়াবেন।” তিনি আরও জানান, মে মাসের শেষের দিকে দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ করার কাজ শেষ করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: শীঘ্রই খুলবে কপাল! মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের ঘরছাড়াদের জন্য বড় উদ্যোগ সরকারের

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, রাজ্য সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে। নির্বাচনে বিপুল জয়ের পর, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে রাজ্য সরকার আবাসের টাকা দেওয়া শুরু করে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার রাজ্যে আবাস যোজনার অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে।