টানা বৃষ্টির মাঝে দিল্লিতে ভেঙে পড়লো ৪তলা বিল্ডিং, মৃত ৪, দেখুন বিল্ডিং ভেঙে পড়ার সেই মুহূর্ত

দিল্লির মুস্তাফাবাদ এলাকায় শনিবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধার অভিযান শুরু করে।

দিল্লির উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন, ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। ১৪ জনকে উদ্ধার করা গেলেও তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এটি একটি চারতলা ভবন ছিল… উদ্ধারকাজ এখনও চলছে। এখনও ৮-১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।”

সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি সিসিটিভি ফুটেজে ভবন ধসের মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে।

ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, শনিবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ বাড়ি ধসের খবর আসে। তিনি বলেন, “রাত ২টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে একটি বাড়ি ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে পুরো ভবনটি ধসে পড়েছে এবং লোকেরা ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে … এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস মানুষকে উদ্ধারের কাজ করছে।”

গত ১৭ এপ্রিল থেকে দিল্লিতে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন দেখা গেছে। রাতে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে শহরের বিভিন্ন অংশে জল জমে যায়। প্রাথমিক অনুমান, টানা বৃষ্টির জেরেই এই পুরনো চারতলা বাড়িটি দুর্বল হয়ে ধসে পড়ে থাকতে পারে। এর আগে গত সপ্তাহে প্রবল ধূলিঝড়ের সময় মধু বিহার থানার কাছে একটি নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে একজন নিহত ও দুজন আহত হয়েছিলেন।

বর্তমানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের প্রতিটি অংশ তন্নতন্ন করে খুঁজে দেখছেন আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।