“সারা জীবন ইকো পার্কে হাঁটলেও বিয়ে হবে না…”-স্ত্রীর সঙ্গে কোথায় আলাপ? মুখ খুললেন দিলীপ ঘোষ

ইকো পার্কে হাঁটতে হাঁটতেই নাকি তাঁর প্রেম, তারপর শুভ পরিণয়! সোশ্যাল মিডিয়ায় এমন চর্চা হতেই নতুন প্রজন্মের সিঙ্গলরা মজা করে পোস্ট করছিলেন, ‘কাল থেকে আমরাও ইকো পার্কে হাঁটতে যাব।’ কিন্তু শনিবার, বিয়ের পরের দিন প্রাতঃভ্রমণে ইকো পার্কেই গিয়ে সিঙ্গলদের সেই স্বপ্নে জল ঢেলে দিলেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ।

জন্মদিনে ইকো পার্কে কেক কাটার পর দিলীপ ঘোষ স্পষ্ট করে বলেন, “অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়। সারা জীবন হাঁটালেও বিয়ে হবে না। যখন হওয়ার তখনই হবে।” শুধু তাই নয়, স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে তাঁর ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় আলাপ হয়নি, তাও স্পষ্ট করেন তিনি।

দিলীপ ঘোষ জানান, “ও মর্নিং ওয়াক করার লোক নয়। তিনি দলের পুরনো কর্মী। আমার থেকেও পুরনো। দলের কাজে নানা জায়গায় দেখা হতো। হঠাৎ বিয়ের ব্যাপারটা এসেছে।”

অর্থাৎ, ইকো পার্কের সঙ্গে তাঁর প্রেমের কোনও সম্পর্ক নেই, বরং দলের কাজের সূত্রেই রিঙ্কু মজুমদারের সঙ্গে তাঁর পরিচয়। ফলে, সিঙ্গলদের ইকো পার্কে ‘প্রেমের খোঁজে’ মর্নিং ওয়াকের পরিকল্পনা আপাতত ভেস্তে গেল বলেই মনে করা হচ্ছে।

এদিকে, বিয়ের পরও যে রাজনীতি থেকে ফোকাস সরবে না, তা পরিষ্কার করে দিয়েছেন দিলীপ ঘোষ। জন্মদিনে কেক কাটার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দিলীপ ঘোষের মিশন কখনও পাল্টাবে না।”