কিপারের ভুলে কেন শাস্তি পাবে বোলার? নিয়ম বদলের ডাক বরুণ চক্রবর্তীর

ক্রিকেটের নিয়ম নীতি সময়ের সঙ্গে অনেক সময়ই পরিবর্তিত হয়েছে। এবার এক বিশেষ নিয়ম নিয়ে সরব হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তিনি এই নিয়মের পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি ঘটে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Mumbai Indians vs Sunrisers Hyderabad) ম্যাচে। মুম্বইয়ের ব্যাটসম্যান রায়ান রিকেলটন ইনিংসের সপ্তম ওভারে জিশান আনসারির বলে কভারে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তবে রিকেলটন মাঠ ছাড়ার ঠিক আগ মুহূর্তে আম্পায়াররা তাঁকে ফেরত ডাকেন এবং নট আউট ঘোষণা করেন। শুধু তাই নয়, আম্পায়ার নো বলও ডাকেন। এর কারণ জিশানের ওভারস্টেপ করা বা বোলিং লাইনে পা দেওয়া ছিল না, এমনকি ৩০ গজের সার্কেলে কম ফিল্ডার থাকাও নয়।

আম্পায়াররা রিপ্লেতে দেখেন, যখন রিকেলটনের ব্যাটের সঙ্গে বলের স্পর্শ হয়, সেই সময় সানরাইজার্সের উইকেটকিপার হেনরিখ ক্লাসেনের গ্লাভস উইকেটের আগে ছিল। বর্তমান নিয়ম অনুযায়ী, উইকেটকিপারের গ্লাভস উইকেটের আগে থাকলে সেটি নো বল হিসেবে গণ্য হয় এবং ব্যাটসম্যান ফ্রি হিট পায়। আম্পায়াররা সেই নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন। তাঁর প্রশ্ন, অন্য কারো ভুলের জন্য বোলাররা কেন শাস্তি পাবেন?

নিজের সোশ্যাল মিডিয়ায় এই নিয়মের বিরুদ্ধে সরব হয়ে বরুণ লেখেন, ‘যদি কিপারের গ্লাভস স্টাম্পসের আগে চলে আসে, তাহলে তা ডেড বল ঘোষণা করা উচিত এবং কিপারকে সতর্ক করা উচিত, যাতে সে পুনরায় এই কাজ না করে। এতে নো বল এবং ফ্রি হিট দেওয়ার কোনো মানে নেই। এখানে বোলারের দোষ কোথায়? একটু ভেবেচিন্তে দেখা উচিত। আপনাদের সকলের কী মত?’

বরুণ চক্রবর্তীর এই প্রস্তাব নিয়ে ক্রিকেট নিয়ামক সংস্থা ভাবনাচিন্তা করে নিয়ম পরিবর্তন করে কিনা, তা সময়ই বলবে। তবে রায়ান রিকেলটন এই সুযোগের খুব বেশি সুবিধা নিতে পারেননি। পরের ওভারেই হর্ষল পটেলের বলে তিনি আউট হয়ে যান। অবশ্য মুম্বই ইন্ডিয়ান্স ১১ বল বাকি থাকতেই হেসেখেলে ম্যাচটি জিতে নেয়।