মুখ্যমন্ত্রীর সফরের আগেই বজ্রাঘাতে মৃত্যু, পরিবারকে আর্থিক সাহায্য প্রশাসনের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের জেলা সফরের ঠিক আগে, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বজ্রাঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার বিকেলে বজ্রাঘাতে মৃত মহিলার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল প্রশাসন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে একটি বিশেষ প্রকল্পের শিলান্যাস করতে আসছেন। তার কয়েকদিন আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও, দুপুরের পর পরিস্থিতি বদলে যায়। বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়। শালবনী ব্লকের বিভিন্ন এলাকায় বজ্রাঘাতে বেশ কয়েকজন আহত হন এবং কাশিজোড়া অঞ্চলের মশরু গ্রামে সাবিত্রী মাহাত নামে এক মহিলার মৃত্যু হয়।
মুখ্যমন্ত্রীর সফরের আগে, শুক্রবার সকালে প্রশাসনিক আধিকারিকরা মৃত মহিলার বাড়িতে যান। রাজ্য সরকারের উদ্যোগে মৃতার পরিবারের হাতে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়াও, আহত পাঁচজনের পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়।
মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, কর্মাধ্যক্ষ সুব্রত সানি, গৌতম বেরা, সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মন্ডল এবং অন্যান্য আধিকারিকরা শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে পরিবারটিকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এবং মঙ্গলবার জেলা সফরে আসছেন। শালবনীতে তাঁর একটি বিশেষ সভা করার কথা রয়েছে। তার আগে এই প্রাকৃতিক বিপর্যয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, খড়গপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রাঘাতে পিংলার বাসিন্দা চন্দন ঘাঁটারও মৃত্যু হয়েছে। তার বাড়িতেও প্রশাসনিক আধিকারিকরা গিয়ে সাহায্য তুলে দেন।