টানা হারে বিপর্যস্ত চেন্নাই, ব্যাটিং শক্তি বাড়াতে দলে ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিস

চলতি আইপিএলের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। টিমের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও ৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনিই (Mohendra Singh Dhoni) এখনও দলের প্রধান ভরসা। চেন্নাইকে এই মরশুমে টানা পাঁচটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে, যার মধ্যে ঘরের মাঠে হ্যাটট্রিকও রয়েছে।

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের চোট চেন্নাই শিবিরে আরও উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি গোটা আইপিএল থেকেই ছিটকে যাওয়ায় ফের একবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই আস্থা রেখেছে সিএসকে ম্যানেজমেন্ট।

তবে ব্যাটিংয়ের দুর্বলতা কাটাতে এবার আরও এক বিস্ফোরক ব্যাটসম্যানকে দলে নিল চেন্নাই ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), যিনি ক্রিকেট বিশ্বে ‘বেবি এবি’ (Baby AB) নামে পরিচিত, এবার হলুদ জার্সিতে দেখা যাবে।

আইপিএলের মঞ্চে ব্রেভিস অবশ্য নতুন নন। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি এবং ২৩০ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেই আইপিএলে সুযোগ পেয়েছিলেন এই তরুণ তুর্কি। যদিও এবারের মেগা নিলামে কোনো দল তাঁকে দলে নেয়নি।

আইপিএলের পক্ষ থেকে একটি ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, চেন্নাইয়ের পেসার গুরজপনীত সিংয়ের চোটের কারণে তাঁর পরিবর্ত হিসেবে ডিওয়াল্ড ব্রেভিসকে সই করিয়েছে চেন্নাই সুপার কিংস।

২০২৩ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এই প্রোটিয়া তারকার। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি কেরিয়ারে ৮১টি ম্যাচ খেলে ব্রেভিসের সংগ্রহ ১৭৮৭ রান, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ১৬২। এবার ২.২ কোটি টাকায় তিনি যোগ দিচ্ছেন চেন্নাই সুপার কিংসে। ধোনির নেতৃত্বে ‘বেবি এবি’র আগমন চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। গত ম্যাচে ধোনির অধিনায়কত্বে দল একটি দুরন্ত প্রত্যাবর্তন করলেও, ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে ব্রেভিসের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।