চলন্ত গাড়ির ডিকি থেকে ঝুলন্ত হাত, মৃতদেহ নাকি! সত্যি জানার পর সকলের মাথায় হাত

রাস্তার মাঝে চলন্ত গাড়ির ডিকি থেকে ঝুলছে একটি নিথর হাত! প্রথম দেখায় আঁতকে ওঠেন পথচারীরা। আশেপাশের গাড়ি ও বাইকের চালকরাও চমকে যান। আতঙ্ক ছড়াতেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে আসল সত্যি জানার পর সকলের মাথায় হাত। মজার ছলে ভিডিও বানানোর জন্য শেষ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ভাশিতে ওই গাড়ির ভিডিওটি ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গাড়ির নম্বর দেখে পুলিশ দ্রুত চারজনকে শনাক্ত করে আটক করে। জেরায় আটককৃতরা জানান, নিছক মজার ছলে তাঁরা এমন ভিডিও তৈরি করছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি সাদা রঙের চলন্ত গাড়ির ডিকি সামান্য খোলা এবং সেখান থেকে একটি মানুষের হাতের মতো কিছু ঝুলছে। যা দেখে মনে হচ্ছিল, সম্ভবত কোনো মৃতদেহের হাত। কেউ হয়তো খুন করে দেহ পাচার করছে। ওই গাড়ির ঠিক পিছনের একটি গাড়ির চালক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এবং তিনিই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। রাস্তায় আতঙ্ক সৃষ্টি হতেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং মাত্র দু’ঘণ্টার মধ্যেই ঘাটকোপার এলাকা থেকে গাড়িটি আটক করতে সক্ষম হয়।
এই ঘটনায় গাড়ির চালক এবং গাড়ির ভেতরে থাকা আরও তিনজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা জানান, মজার ছলে একটি নকল হাত গাড়ির ডিকি থেকে বাইরে ঝুলিয়ে রাখা হয়েছিল। মুম্বইয়ের একটি ল্যাপটপের দোকানের বিজ্ঞাপনের জন্য এভাবেই ভিডিওটি তৈরি করা হচ্ছিল। ব্যবসার প্রচারের উদ্দেশ্যেই তাঁরা এমন কাণ্ড ঘটিয়েছিলেন বলে জানান।
তবে, মজার ছলে করা হলেও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য পুলিশ তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।