গুরুগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন বিমানসেবিকা যৌন নিগ্রহের শিকার, ভেন্টিলেটর থাকার সুযোগে শরীর স্পর্শ !

গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ৪৬ বছর বয়সি বিমানসেবিকা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভেন্টিলেটর সাপোর্টে থাকাকালীন হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে তাঁকে যৌন নিগ্রহ করার অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ইতিমধ্যেই অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিমান সংস্থার প্রশিক্ষণে যোগ দিতে গুরুগ্রামে এসেছিলেন ওই বিমানসেবিকা। তিনি যে হোটেলে উঠেছিলেন, সেখানকার সুইমিং পুলে পড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর স্বামী তাঁকে সদর এলাকার অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই ওই বিমানসেবিকাকে ভেন্টিলেটরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তাঁর অভিযোগ, ভেন্টিলেটরে অচেতন অবস্থায় থাকার সুযোগ নিয়ে হাসপাতালের কয়েকজন কর্মী তাঁকে যৌন নির্যাতন করেছেন। গত ১৩ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান ওই বিমানসেবিকা। বাড়ি ফিরে তিনি তাঁর স্বামীকে সমস্ত ঘটনা জানান। এরপরই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশকে তিনি জানান, ভেন্টিলেটরে থাকাকালীন হাসপাতালের কর্মীরা তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন, কিন্তু লাইফ সাপোর্টে থাকার কারণে তিনি নড়াচড়া, চিৎকার বা প্রতিরোধ করতে পারেননি।

ভারতীয় ন্যায় সংহিতার অধীনে যৌন নির্যাতনের মামলা দায়ের করেছেন ওই বিমানসেবিকা। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে একটি এফআইআর দায়ের করা হয়েছে ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর গুরুগ্রামের ওই হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, “আমরা একজন রোগীর অভিযোগ সম্পর্কে অবগত হয়েছি। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময়কার হাসপাতালের সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত প্রাসঙ্গিক নথি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”