পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তায় মমতাকে নিশানা শুভেন্দুর, ‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছিলেন’

পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে বাংলা গানের অংশ উদ্ধৃত করে লেখেন, “আমি বাংলায় গান গাই।” এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়েছেন।

এদিন শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন!”

আরও পড়ুন: পিঠ ফুঁড়ে দড়ি বেঁধে হচ্ছিল ঘোরানো, আচমকাই চড়ক ভেঙে ছিটকে পড়ল ২ ভক্ত! ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায় গাজনে…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে পোস্টে লেখেন, “বাংলা দিবসে সকল নাগরিককে জানাই শুভনন্দন। ছোট ছোট ভাইবোনদের জানাই শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি। আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভাতৃত্ববন্ধন।”

এই পোস্টের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লেখেন, “রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল!” বিরোধী দলনেতার সংযোজন, “নাগরিকদের শুভনন্দন জানানোর আগে, যে সকল বরাহ-নন্দন দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে, রাজ্যের নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত।”

শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়েও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে কতটা উত্তপ্ত, তা স্পষ্ট হয়ে উঠেছে।