দীর্ঘ অশান্তির পর স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, যৌথ টহলদারি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের !

দীর্ঘ কয়েকদিনের অশান্তির পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা। জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান এবং সামশেরগঞ্জের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে রবিবার থেকে ধীরে ধীরে শান্তি ফিরে আসছে।
বর্তমানেও এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহলদারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন।
এই পরিস্থিতিতে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম রবিবার সাংবাদিকদের জানান, “শনিবার বিকেলের পর থেকে জঙ্গিপুর এলাকায় আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ রয়েছে এবং পুলিশি টহলদারি ও নজরদারি জোরদার করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।”
এডিজি আইনশৃঙ্খলা আরও বলেন, “যে সমস্ত মানুষ ঘরছাড়া হয়েছেন, খুব শীঘ্রই তাঁদের ঘরে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। মালদহ এবং মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন ইতিমধ্যেই সেই কাজ করছে। তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। সেই কারণে ইন্টারনেট পরিষেবা আরও দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। গুজব ছড়ানো বন্ধ করাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোথাও কোনওরকম গুজবের খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানান, আমরা দ্রুত ব্যবস্থা নেব।”
পুলিশ কর্তা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এরপরও অশান্তি ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানতে পেরেছি ভিনরাজ্য থেকেও প্রচুর উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট করা হচ্ছে। ইতিমধ্যেই ২০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বহু মামলা রুজু করেছে। যে বা যারাই এই ধরনের কাজ করবে, তারা যেখানেই থাকুক না কেন, দরকার পড়লে পাতাল থেকেও খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলার বিস্তীর্ণ অঞ্চলে এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। বেআইনি জমায়েতের অভিযোগে রবিবারও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সার্বিকভাবে পরিস্থিতি এখন শান্তিপূ্র্ণ বলেই জানা গেছে।