“কংগ্রেস কেন কোনও মুসলিমকে সভাপতি পদে নিয়োগ করে না” ওয়াকফ বিতর্কে মোদীর প্রশ্ন !

নতুন ওয়াকফ আইন নিয়ে সোমবার ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে এই বিল নিয়ে বিতর্কে অংশ না নিলেও, গত দু’দিন ধরে ওয়াকফ আইন নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে ময়দানে নেমেছেন তিনি। সোমবার সকালে হরিয়ানার হিসারে এক জনসভায় প্রধানমন্ত্রী কংগ্রেসের মুসলিম দরদ নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তিনি সরাসরি জিজ্ঞাসা করেন, কংগ্রেস কেন আজও কোনও মুসলিম নেতাকে তাদের দলের সর্বভারতীয় সভাপতি পদে নিয়োগ করে না!
হিসারে প্রধানমন্ত্রী নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন করেন। একই মঞ্চ থেকে তিনি হিসার থেকে অযোধ্যা পর্যন্ত বিমান পরিষেবারও সূচনা করেন। সোমবার ছিল ডঃ বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী। এই উপলক্ষে প্রধানমন্ত্রী তার ভাষণে সংবিধান প্রণেতার প্রতি কংগ্রেসের দীর্ঘদিনের আচরণেরও তীব্র নিন্দা করেন। মোদী বলেন, কংগ্রেস পদে পদে বিআর আম্বেদকরকে অসম্মান করেছে। দু’বার ষড়যন্ত্র করে তাঁকে নির্বাচনে পরাজিত করেছে। এমনকি তাঁর মৃত্যুর পরেও কংগ্রেস তাঁর অবদানকে মুছে ফেলার চেষ্টা চালিয়েছে।
নতুন ওয়াকফ আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই আইন একদিকে যেমন মুসলিম সমাজের জন্য অত্যন্ত কল্যাণকর প্রমাণিত হবে, তেমনই দেশের যে কোনও সম্পত্তিতে অন্যায়ভাবে ওয়াকফ ঘোষণার প্রবণতা বন্ধ হবে।
উল্লেখ্য, কংগ্রেস সংসদে এই বিলের তীব্র বিরোধিতা করেছে এবং বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছে। আগামী ১৬ই এপ্রিল, বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কংগ্রেস ছাড়াও আরও কয়েকটি বিরোধী দল এই আইনের বিরুদ্ধে মামলা করেছে। লোকসভায় ভোটাভুটিতে বিলটির পক্ষে ২৮৮টি এবং বিপক্ষে ২৩২টি ভোট পড়েছিল। এই তথ্য তুলে ধরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অভিযোগ, সরকার জোর করে এই বিল পাশ করিয়েছে।
তবে, ওয়াকফ বিল নিয়ে বিতর্কের সময় রাহুল গান্ধীর সংসদে অংশ না নেওয়া এবং আলোচনার দিন প্রিয়ঙ্কা গান্ধীর সংসদে অনুপস্থিতি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তুলেছেন, সংসদ যখন আলোচনা ও বিতর্কের সবচেয়ে বড় মঞ্চ, এবং বিরোধীদের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ ছিল, তখন কেন গান্ধী পরিবারের এই দুই সদস্য ওয়াকফ বিতর্কে অংশ নেননি? তাৎপর্যপূর্ণভাবে, কংগ্রেস এই বিষয়ে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। দলের পক্ষ থেকে কেবল বলা হয়েছে, কংগ্রেস ওয়াকফ বিলের বিরুদ্ধে সংসদে ভোট দিয়েছে এবং সংসদীয় কমিটিতে তাদের আপত্তি জানিয়েছে। কোনও একজন সদস্যের ভাষণ না দেওয়াতে কিছু যায় আসে না।
কংগ্রেসের এই যুক্তির পাল্টা প্রশ্ন তুলেছেন বিএসপি নেত্রী মায়াবতী। তিনি জিজ্ঞাসা করেছেন, ওয়াকফের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যদি রাহুল গান্ধী নিজে বিতর্কে অংশ না নেন, তাহলে তিনি বিরোধী দলনেতার আসনে কেন বসে আছেন? বিএসপি নেত্রী কংগ্রেসের মুসলিমদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিজেপিও একই অস্ত্রে কংগ্রেসকে আক্রমণ করা শুরু করেছে। তারা কংগ্রেসের তথাকথিত মুসলিম প্রীতি নিয়ে প্রশ্ন তুলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আক্রমণ আরও ধারালো করতে সোমবার সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন কংগ্রেস আজও পর্যন্ত কোনও মুসলিম নেতাকে তাদের সর্বভারতীয় সভাপতি পদে নিয়োগ করেনি।
সর্বভারতীয় কংগ্রেসের শেষ মুসলিম সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ১৯২৩ সালে এবং ১৯৪০ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ১৩৯ বছর বয়সী কংগ্রেসে এ পর্যন্ত মোট আটজন মুসলিম নেতা সভাপতি হয়েছেন। প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন ত্যাবজি, যিনি ১৮৮৭ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত এক বছর সভাপতির পদে ছিলেন।