দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার আগে রোহিতের ফিটনেস নিয়ে ফের ধোঁয়াশা ! খেলতে পারবেন ম্যাচটি?

আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই গুরুত্বপূর্ণ ম্যাচেও দলের অন্যতম স্তম্ভ রোহিত শর্মার ফিটনেস নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি আইপিএলে হাঁটুর চোটের কারণে এর আগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচটি মিস করেছিলেন এই অভিজ্ঞ ওপেনার। আবারও সেই হাঁটু রোহিতের খেলার পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
দিল্লিতে ধুলোঝড়ের কারণে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন ব্যাহত হলেও, গতকাল রোহিত শর্মা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি ফিটনেস রুটিন মেনে চলার পাশাপাশি ব্যাটিং প্র্যাকটিসও করেন। থ্রো ডাউনের বিরুদ্ধেও ব্যাট হাতে দেখা যায় তাঁকে। তবে অনুশীলনের সময় রোহিতকে মূলত নিজের ফিটনেসের উপরই বেশি মনোযোগ দিতে দেখা গেছে।
একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রোহিত শর্মাকে ম্যাসাজ নিতে দেখা গিয়েছিল। গতকালও তাঁর দৃষ্টি ছিল নিজের হাঁটুর দিকে। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং দলের মেডিক্যাল স্টাফদের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা গেছে। লখনউ ম্যাচের আগে রোহিতের হাঁটুতে বল লেগেছিল, যার কারণে তিনি সেই ম্যাচে খেলতে পারেননি বলে জানিয়েছিলেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। হেড কোচ মাহেলা জয়বর্ধনেও জানিয়েছিলেন, রোহিতের আইটি ব্যান্ডে চোট লেগেছিল এবং লখনউ ম্যাচের আগের দিন ব্যাট করার চেষ্টা করলেও তিনি হাঁটুতে ভর দিতে সমস্যা বোধ করছিলেন।
এমনকি ৪ এপ্রিল লখনউ ম্যাচের দিন রোহিত ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু অস্বস্তি অনুভব করায় শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তাঁর। যদিও ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তিনি ১৭ রান করেছিলেন, তবে এখনও তাঁর হাঁটুতে যেভাবে শক্ত ব্যান্ডেজ বাঁধা দেখা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে রোহিত এখনও পুরোপুরি ফিট নন।
চলতি আইপিএলে রোহিত শর্মা চারটি ম্যাচ খেলেছেন। যার মধ্যে একটি ম্যাচ বাদে সবকটিতেই তিনি ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নেমেছেন। অর্থাৎ, তিনি কেবল ব্যাটিংয়ের সময় মাঠে আসছেন, ফিল্ডিং করছেন না। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৮, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ এবং আরসিবির বিরুদ্ধে ১৭ রান করেন তিনি।
আজ দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা প্রথম একাদশে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দলের ব্যাটিং লাইন আপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের ফিটনেস নিয়ে এই অনিশ্চয়তা নিশ্চিতভাবেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন দেখার, ম্যাচ শুরুর আগে রোহিত শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা।