রামনবমীর অশান্তি এখনও টাটকা, ফের হনুমান জয়ন্তীতে উত্তপ্ত হল মধ্যপ্রদেশ, মসজিদের সামনে তান্ডবের অভিযোগ !

হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রদেশের গুণা। শনিবার বিজেপি কাউন্সিলর ওমপ্রকাশ কুশ ওয়ারের নেতৃত্বে একটি শোভাযাত্রা চলাকালীন মসজিদের সামনে উত্তেজনা ছড়ায়। পাথর ছোড়াছুড়ির ঘটনায় এক শিশু-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় মূল অভিযুক্ত ভিকি খানকে গ্রেফতার করেছে পুলিশ এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এর আগে রামনবমীর শোভাযাত্রাকেও কেন্দ্র করে একই ধরনের অশান্তি দেখা গিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গুণায় হনুমান জয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। অভিযোগ, শোভাযাত্রাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সংখ্যালঘু এলাকা দিয়ে যাচ্ছিল। স্থানীয় সংখ্যালঘু সংগঠনের দাবি, শোভাযাত্রাটি একটি মসজিদের সামনে গিয়ে থেমে যায়, যেখানে তারস্বরে ডিজে বাজানো হয় এবং ধর্মীয় স্লোগান দেওয়া হয়।
এই ঘটনার জেরে মসজিদের আশেপাশে স্থানীয় সংখ্যালঘুরা জড়ো হন। অভিযোগ, কিছুক্ষণ পর মসজিদ দিক থেকে পাথর ছোড়া শুরু হয়। পালটা শোভাযাত্রা থেকেও পাথর ছোড়া শুরু হলে দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন, যার মধ্যে বিজেপি কাউন্সিলরের ১১ বছরের ছেলেও রয়েছে।
খবর পেয়ে প্রথমে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পরে ফের অশান্তি ছড়ায় এবং হিন্দু সেনার কর্মীরা প্রতিবাদে রাস্তায় নামে।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে গুণার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন। গোটা গুণা শহর উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে রাতের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকাল থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। স্থানীয় প্রশাসন শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছে। এই ঘটনা ফের একবার মধ্যপ্রদেশে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘাতের ছবি তুলে ধরল।