বিবাহবিচ্ছেদের পর ফের প্রেম! নাতাশার জীবনে নতুন পুরুষ, হার্দিকেরও কি অন্য কেউ?

বিবাহবিচ্ছেদের পর নিজেদের জীবন নতুন করে সাজিয়ে নিচ্ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্ট্যানকোভিচ (Natasa Stankovic)। একসময়ের এই জনপ্রিয় জুটি হঠাৎ করে আলাদা হওয়ার ঘোষণা করলে তাদের ভক্তরা বেশ অবাক হয়েছিলেন। যদিও বিচ্ছেদের কারণ কেউই স্পষ্ট করেননি। তবে বিবাহবিচ্ছেদের সেই মেঘ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে, প্রাক্তন এই স্বামী-স্ত্রী দুজনেই নাকি নতুন করে প্রেমে পড়েছেন।

সার্বিয়ার কন্যা নাতাশার জীবনে নাকি ইতিমধ্যেই এসেছেন নতুন পুরুষ। শোনা যাচ্ছে, তিনি মন দিয়েছেন সার্বিয়ারই এক মডেল এবং শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার অ্যালেক্সের (Aleksandar Alex) উপর। নেটদুনিয়ায় এখন এই নিয়েই জোর চর্চা চলছে। মুম্বই শহরের বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁয় মাঝেমধ্যেই এই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। শনিবার মুম্বইয়ের একটি ফ্যাশন শো-তে র‍্যাম্পে হেঁটেছেন নাতাশা। চর্চিত প্রেমিকাকে উৎসাহ জোগাতে সেখানে উপস্থিত ছিলেন আলেকজান্ডারও।

তবে এই দিনের বিশেষ আকর্ষণ ছিল ছোট্ট অগস্ত্য। নাতাশার ছেলেকে এদিন পিতার মতোই স্নেহ দিতে দেখা গিয়েছে আলেকজান্ডারকে। তাকে কোলে বসিয়ে নাতাশার র‍্যাম্পে হাঁটা উপভোগ করেন দুজনে। এর ফাঁকে নিজের মোবাইল ফোন বের করে ‘প্রেমিকা’ নাতাশার ছবিও ক্যামেরাবন্দি করেন সার্বিয়ান এই যুবক। সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একরত্তি অগস্ত্যের প্রতি আলেকজান্ডারের এই স্নেহ নজর কেড়েছে নেটিজেনদের।

অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও তিনি প্রকাশ্যে কিছু না জানালেও, বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনিও নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। তবে সেই বিষয়ে এখনও কোনো নিশ্চিত খবর মেলেনি।

হার্দিক ও নাতাশার বিবাহবিচ্ছেদ তাদের ভক্তদের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা ছিল। তবে এখন দুজনেই যেভাবে নিজেদের জীবনে এগিয়ে চলেছেন, তা দেখে অনেকেই তাদের নতুন সম্পর্কের জন্য শুভকামনা জানাচ্ছেন। অগস্ত্যর প্রতি আলেকজান্ডারের স্নেহপূর্ণ আচরণ বিশেষভাবে মন জয় করেছে সকলের। এখন দেখার এটাই, হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন কেউ আসেন কিনা এবং এই দুটি নতুন সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়।