Recipe: গরমের দুপুরে ভাতের পাতে রাখুন টকডাল, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

বৈশাখের আগেই চৈত্রের তীব্র গরমে হাঁসফাঁস করছে বাংলা। এই সময় শরীর ও মনকে সতেজ রাখতে অনেকেই বিভিন্ন ঠান্ডা খাবার ও পানীয়ের ওপর ভরসা রাখেন। বাজারে এখন কাঁচা আমের প্রাচুর্য। এই মরশুমি ফলটি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর টক ডাল। গরমের দুপুরে ভাতের সঙ্গে কাঁচা আমের টক ডাল হতে পারে এক অসাধারণ মেনু।
টক ডালের উপকারিতা:
বিশিষ্ট চিকিৎসকদের মতে, মুসুর ডাল দিয়ে তৈরি কাঁচা আমের টক ডাল এই গরমে হজমের জন্য অত্যন্ত উপকারী। এটি গরমের ক্লান্তি এবং মুখের অরুচি ভাব দূর করতে সহায়ক। এছাড়াও, এই ডাল খাওয়ার পর রাতে ভালো ঘুম হয় বলে মনে করা হয়।
কাঁচা আম ও মুসুর ডালের পুষ্টিগুণ:
মুসুর ডাল প্রোটিনের একটি চমৎকার উৎস, যা এটিকে মাংসের বিকল্প হিসেবেও গণ্য করা হয়। এটি শুধু সুস্বাদুই নয়, খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি-২ এবং শর্করায় ভরপুর। অন্যদিকে, কাঁচা আম ভিটামিন ও খনিজ সমৃদ্ধ। এতে রয়েছে ক্যারোটিন ও ভিটামিন এ, যা চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কাঁচা আমে বিটা ক্যারোটিন থাকায় হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও, এটি ভিটামিন বি-১, ভিটামিন বি-২, ক্যালসিয়াম, আয়রন ও পটাসিয়ামের একটি ভালো উৎস।
কীভাবে বানাবেন কাঁচা আমের টক ডাল:
টক ডাল তৈরি করতে আপনার যা যা লাগবে:
মুসুর ডাল: ১ কাপ
কাঁচা আম: ১টি (সরু করে কাটা)
হলুদ গুঁড়ো: আধা টেবিল চামচ
চিনি: আধা টেবিল চামচ (স্বাদমতো)
সর্ষে: ১ চা চামচ
শুকনো লঙ্কা: ২-৩টি
সর্ষের তেল: ১ টেবিল চামচ
নুন: স্বাদমতো
কাঁচা লঙ্কা: ১-২টি (চিরে নেওয়া)
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মুসুর ডাল নুন ও হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন।
২. কাঁচা আমটি ধুয়ে সরু সরু করে কেটে নিন।
৩. অন্য একটি কড়াইতে সর্ষের তেল গরম করুন।
4. গরম তেলে গোটা সর্ষে ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিন।
5. এরপর কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলি তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
6. সেদ্ধ করা মুসুর ডাল কড়াইতে ঢেলে দিন।
7. চিরে রাখা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন ও চিনি যোগ করুন।
8. ডাল ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত রান্না করুন।
9. টক ডাল তৈরি হয়ে গেলে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের টক ডাল পরিবেশন করুন। গরমে এটি যেমন শরীর জুড়াবে, তেমনই দেবে এক নতুন স্বাদের অভিজ্ঞতা।