হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রাইভেসি ফিচার, জেনেনিন কী কী মিলবে সুবিধে?

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের গোপনীয়তা এবং সুরক্ষা আরও জোরদার করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। এবার প্ল্যাটফর্মটি এমন একটি উন্নত সেটিংস আনতে চলেছে, যা ব্যবহারকারীদের চ্যাট হিস্টরির উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে এবং সুরক্ষিত রাখবে।
হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি প্রোটেকশন বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই অ্যাডভান্সড সেটিংস নিয়ে কাজ করছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কথোপকথন পরিচালনার ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ ক্ষমতা পাবেন।
অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা ভার্সন থেকে জানা গেছে, অ্যাপটি একটি নতুন প্রাইভেসি-ফোকাসড সেটিং নিয়ে পরীক্ষা চালাচ্ছে, যা খুব শীঘ্রই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে পারে। এই নতুন বিকল্পটি ব্যবহারকারীর চ্যাট হিস্টরির সুরক্ষায় একটি অতিরিক্ত স্তর যোগ করবে।
এই ফিচারের মূল কাজ হল, ব্যবহারকারীর অনুমতি ছাড়া প্রেরকের গ্যালারিতে ইমেজ এবং ভিডিওর মতো মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে সেভ হওয়া বন্ধ করা। বর্তমানে এই সুবিধাটি শুধুমাত্র ডিজঅ্যাপেয়ারিং মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য। তবে নতুন আপডেটের মাধ্যমে নিয়মিত চ্যাটের ক্ষেত্রেও এই ফিচারটি চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যারা এই অপশনটি বেছে নেবেন, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এটি কার্যকর হবে। এর ফলে ব্যবহারকারীরা শেয়ার করা বিষয়বস্তুর উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন।
মিডিয়া ডাউনলোডের উপর নিয়ন্ত্রণ আরোপ করার পাশাপাশি, এই অ্যাডভান্সড চ্যাট প্রিভেসি ফিচারটি ব্যবহারকারীর সম্পূর্ণ চ্যাট হিস্টরির এক্সপোর্টও প্রতিরোধ করবে। একবার এই সেটিংস এনাবল করা হলে, হোয়াটসঅ্যাপ কথোপকথন এক্সপোর্ট করার ক্ষমতা ব্লক করে দেবে। এই সেটিংস যারা অ্যাক্টিভেট করবেন, তাদের পাঠানো বা তাদের থেকে আসা কোনো মেসেজই এক্সপোর্ট করা যাবে না।
মূলত ব্যক্তিগত কথোপকথনের অননুমোদিত শেয়ারিং এবং ডেটা ফাঁসের ঝুঁকি কমাতেই এই ফিচারটি ডিজাইন করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা ব্যক্তিগত মেসেজ আদান-প্রদান করতে পারবেন।
এই ফিচারের একটি গুরুত্বপূর্ণ দিক হল মেটা এআই ইন্টারঅ্যাকশনের উপর এর প্রভাব। যদি কোনও ব্যবহারকারী অ্যাডভান্সড চ্যাট প্রিভেসি এনাবল করেন, তাহলে তিনি এবং সেই কথোপকথনের অন্যান্য অংশগ্রহণকারীরা চ্যাটের মধ্যে মেটা এআই-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ডেটা এবং ডিজিটাল কথোপকথনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করবেন।
যদিও এই ফিচারটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এর আনুষ্ঠানিক প্রকাশের আগে হোয়াটসঅ্যাপ আরও কিছু নতুন কার্যকারিতা যোগ করতে পারে। একবার রিলিজ হলে এটি সম্পূর্ণভাবে ঐচ্ছিক হবে এবং ব্যবহারকারীদের নিজেদের পছন্দের উপর ভিত্তি করে উন্নত গোপনীয়তা সুরক্ষা চালু করার সুযোগ দেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া