“১ লক্ষ বিদ্যুৎ টাকা বিল”-মিথ্যা কথা বলছেন কঙ্গনা, দাবি বিদ্যুৎ বোর্ডের

বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে মুখ খুলল হিমাচল প্রদেশ ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড (এইচপিএসইবিএল)। সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার স্পষ্ট জানিয়েছেন যে, বিলের অঙ্ক নিয়ে কঙ্গনা যে অভিযোগ তুলেছেন, সেটি আসলে এক মাসের নয়, বরং একাধিক বিলিং সাইকেল এবং আগের বকেয়া মিলিয়েই এত টাকা হয়েছে।
সন্দীপ কুমার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘কঙ্গনা রানাওয়াত দাবি করেছেন যে তাঁকে ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে। আমি স্পষ্ট করে জানাতে চাই, বিলের প্রকৃত অঙ্ক ছিল ৯১ হাজার এবং কয়েকশো টাকা, একেবারে ১ লক্ষ নয়।’
তিনি আরও জানান, ‘কঙ্গনা নভেম্বরের বিল এবং ডিসেম্বরের বিল ১৬ই জানুয়ারি পরিশোধ করেন। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারির বিলও বকেয়া ছিল। মার্চের ২০ দিনের বিলিং সাইকেল তখন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল।’
সন্দীপ কুমারের ব্যাখ্যা অনুযায়ী, ‘প্রায় ৩১-৩২ হাজার টাকা আগের বকেয়া ছিল। আর মার্চের ২৮ দিনের বিল ছিল প্রায় ৫৫ হাজার টাকা। এই সমস্ত কিছুর সঙ্গে অন্যান্য চার্জ যোগ করে বিলের মোট পরিমাণ ৯১ হাজার টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। যদি সময়মতো বিল পরিশোধ করা হত, তাহলে বিলের অঙ্ক এতটা বেশি মনে হত না।’
তিনি আরও জানান যে, এই বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে কঙ্গনা রানাওয়াতের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বোর্ডের এই স্পষ্টীকরণের পর আশা করা যায়, বিদ্যুৎ বিল নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা দূর হবে।