“আমাদের চাকরি রক্ষা করাই একমাত্র লক্ষ্য”: চাকরিহারা শিক্ষক, কাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?

অনশনরত চাকরিহারা শিক্ষাকর্মী সুমন বিশ্বাস স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁদের চাকরি রক্ষা করাই এখন একমাত্র লক্ষ্য। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ এবং মিরর ইমেজ সামনে এনে তাঁদের তালিকা বাঁচানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে, আজ এসএসসি (SSC) দফতর অভিযানের দিনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসতে চলায় বিস্ময় প্রকাশ করেছেন সুমন বিশ্বাস।

তিনি প্রশ্ন তুলেছেন, “আজ যে মিটিয়ে কথা বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। তাঁরা কাদের সঙ্গে মিটিং করছেন? যোগ্যদের সঙ্গে? এই প্যানেলের যারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন, তাঁদের কাছে প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কাদের সঙ্গে মিটিং করছেন?”

সুমন বিশ্বাস আরও বলেন, তাঁদের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী এসএসসি-র চেয়ারম্যান কীভাবে তাঁদের বাঁচাবেন, তা তাঁরা জানেন না। তবে তাঁদের কাছে মিরর ইমেজ এবং যোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে। তাহলে এতদিন কেন সেই তালিকা প্রকাশ করা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তিনি। সুমন বিশ্বাসের দাবি, অতি দ্রুত সেই তালিকা প্রস্তুত করে তাঁদের চাকরি রক্ষা করা হোক এবং আদালতের রায় পুনর্বিবেচনা করা হোক।

উল্লেখ্য, আজ চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের এসএসসি দফতর অভিযানের কর্মসূচি রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। বৈঠকে এসএসসি চেয়ারম্যানও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে, অনশনে বসা চাকরিহারাদের একাংশ এই বৈঠক নিয়ে সন্দিহান এবং তাঁদের বক্তব্য সরাসরি বৈঠকে না রাখলে সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন তাঁরা। অনশনরত অবস্থায় সুমন বিশ্বাসের এই বিস্ফোরক প্রশ্ন সেই সন্দেহেরই প্রতিফলন।