মাকে খুন করল ছেলে? রাজারহাটে মারাত্মক ঘটনা, গ্রেপ্তার হলেন ‘গুনধর’ সন্তান

রাজারহাট বেদিক ভিলেজের এক অভিজাত আবাসনে এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ছেলে ছুরিকাঘাতে খুন করেছে নিজের মা দেবযানী মজুমদারকে (৫৮)। অভিযুক্ত যুবকের নাম সৌমিক মজুমদার এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। বাড়িতে পারিবারিক অশান্তিও লেগে থাকত বলে খবর।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বহুতল আবাসনের ফ্ল্যাটে প্রবেশ করে হতবাক হয়ে যান অভিজ্ঞ পুলিশকর্মীরাও। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। পুলিশ মৃত দেবযানী মজুমদারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত সৌমিক মজুমদার কয়েক বছর আগে তার কাজ হারিয়েছিল। তারপর থেকে সে বাড়িতেই থাকত এবং সম্ভবত মানসিক অবসাদে ভুগছিল।
উল্লেখ্য, এর আগে গত ১৮ই মার্চ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাতালি চাবাগানেও একই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেখানে রহস্যজনকভাবে এক মায়ের মৃত্যু হয় এবং তাঁর ৩০ বছর বয়সী ছেলে মায়ের দেহ ফেলে রেখে পাশের ঘরেই বসবাস করছিল। স্থানীয়রা জানিয়েছিল, মা ও ছেলের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। হঠাৎ দুদিন সব চুপ হয়ে গেলে এবং দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা বাড়িতে প্রবেশ করে মৃতদেহ দেখতে পান। সেই ঘটনায় অভিযুক্ত ছেলে আবির তিরকিকে পুলিশ আটক করেছিল।
রাজারহাটের এই ঘটনা ফের একবার পারিবারিক সম্পর্কের জটিলতা এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্বের দিকে আলোকপাত করল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের মানসিক অবস্থা খতিয়ে দেখছে।